ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শুরুর দিনে ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক কমেছে। সেইসঙ্গে কমেছে প্রায় সব শেয়ারের দাম।
রেকর্ড পতন এবং রেকর্ড উত্থানের পর গত সপ্তাহেও সূচক কমার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছিল।
রোববার ডিএসইতে সাধারণ সূচক ১৪১.২৯ পয়েন্ট বা ১.৮৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৪৩৪.৫৯ পয়েন্ট। দুপুর ১.৪০ এর দিকে সূচকে দিনের সর্বোচ্চ ৩১৫ পয়েন্টেরও বেশি পতন হয়।
দিন শেষে শেয়ারের মোট লেনদেন দাঁড়ায় ১ হাজার ১৬৬ কোটি টাকা।
লেনদেন হওয়া মোট ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম কমেছে ২১৫টির, বেড়েছে মাত্র ৩২টির।
ব্যাংকিংখাত, জ্বালানি ও সিমেন্টসহ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা, বস্ত্র ও মিউচুয়াল ফান্ডের শেয়ারেরও দাম কমেছে।
তবে ইন্সুরেন্স খাতে লেনদেন হওয়া সবগুলো শেয়ারেরই দাম কমেছে। এই খাতে একটি শেয়ারের লেনদেন হয়নি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহের প্রথম দিনে মূল্য সূচক (সিএসসিএক্স) ৩৪২.৩৬ পয়েন্ট কমে দিন শেষে দাঁড়িয়েছে ১৩৫৫৬.৩০।
লেনদেন হওয়া মোট ১৮৪ টি শেয়ারের মধ্যে দাম কমেছে ১৬৯টির, বেড়েছে মাত্র ১৩টির এবং দাম অপরিবর্তিত ছিলো ২টির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24