ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের লবণ শিল্পকে রক্ষার জন্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ ও উৎপাদিত লবণের দাম বাড়ানোর দাবি জানিয়েছে কক্সবাজারের লবণ চাষীরা।
শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কক্সবাজার লবণ চাষী সমিতির সভাপতি এফ এম নুরুল আলম বলেন, "অভ্যন্তরীণ চাহিদার চেয়ে দেশে লবণের উৎপাদন বেশি হয়।"
কিন্তু উৎপাদিত লবণের দাম কমিয়ে রাখতে ও অধিক মুনাফার জন্য স্বার্থান্বেষী একটি মহল ভারত থেকে লবণ আমদানি করতে চায় বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) তথ্য অনুযায়ী, ২০০৯-২০১০ সালে স্থানীয়ভাবে ১৩ লাখ ৩০ হাজার টন চাহিদার বিপরীতে ১৭ লাখ ৪০ হাজার টন লবণ উৎপাদিত হয়েছে।
লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি মুস্তাফা কামাল বলেন, "কক্সবাজারে এক কেজি লবণের দাম মাত্র এক টাকা। কিন্তু কারখানা মালিকদের সিন্ডিকেট মাত্র ২৫ পয়সা দামের একটি প্লাস্টিক প্যাকেটে ভরে তা ১৬ থেকে ১৮ টাকায় বিক্রি করছে।
"এই সিন্ডিকেট ভোক্তাদের টাকা লুট করে নিচ্ছে। অন্যদিকে দাম অনেক কম হওয়ায় চাষীরাও লবণ উৎপাদনে আগ্রহ হারাচ্ছে।"
তিনি অভিযোগ করেন, কারখানা মালিকদের ওই সিন্ডিকেট এখন ভারত থেকে লবণ আমদানি করার জন্য সরকারকে রাজি করানোর চেষ্টা করছে।
তিনি বলেন, "ভারত থেকে লবণ আমদানি করা হলে স্থানীয় লবণ শিল্প হুমকির মুখে পড়বে।"
সংবাদ সম্মেলনে বক্তারা অপরিশোধিত লবণের দাম নির্ধারণ ও এই শিল্প রক্ষার দাবি জানান।
তারা প্রতি মণ অপরিশোধিত লবণের দাম ৪২৫ থেকে ৪৫০ টাকা, ধোয়া লবণের দাম ৪০০ থেকে ৪৫০ টাকা ও কালো লবণের দাম ৩০০ থেকে ৩৫০ টাকা করার দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/টিকে/এমআর/জেবি/কেএমএস/১৯০৯ ঘ.
bdnews24