২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কাজে বাধা রাজনৈতিক হস্তক্ষেপ: আজাদ

রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশ বাহিনী সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশ বাহিনী সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার এফবিসিসিআই মিলনায়তনে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও এফবিসিসিআই এ মতবিনিময়ে অংশ নেয়। এফবিসিসিআই সভাপতি বলেন, "পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই পুলিশ বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আরো অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।" সভায় তিনি জানান, শিল্প কারখানার নিরাপত্তা সন্তোষজনক নয়। শিল্প কারখানার নিরাপত্তার জন্য মাত্র দেড় হাজার শিল্প পুলিশ খুবই অপ্রতুল। এ জন্য দরকার কমপক্ষে তিন থেকে চার হাজার। এ ছাড়া বিরোধী দলের প্রতি হরতালের বিকল্প বের করারও আহ্বান জানান আবুল কালাম। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম রোডে পণ্যবাহী কাভার্ড ভ্যান চুরি, মানি এক্সচেঞ্জে সন্ত্রাসী হামলা, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা ও খুনসহ বিভিন্ন বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি আমির হোসেন বলেন, "ঢাকা শহর ছিল ছয়টি থানা বিশিষ্ট একটি শহর। এখন সেই ঢাকা ৪১ থানা বিশিষ্ট শহর হয়েছে। এখানে এখনো কেন ব্যবসায়ীরা লাশ হয়ে রাস্তায় পড়ে থাকবে?" "পুলিশের যদি বেতন বাড়ানোর দরকার হয় তাহলে বেতন বাড়ানো হোক। বাংলাদেশে বিনা কারণে অনেক কিছু করা হয়, প্রয়োজনে পুলিশের বেতন বাড়ানো উচিত," বলেন তিনি। সভায় ব্যবসায়ী নেতাদের বক্তব্যের জবাব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, "আস্থা হারাবেন না। বিচার বিভাগ যদি মানুষের শেষ আস্থার জায়গা হয় তাহলে বাংলাদেশ পুলিশ মানুষের প্রথম আস্থার জায়গা। আমরা পুলিশ বাহিনীকে সেই ভাবেই তৈরি করছি।" "প্রতিবছর আমাদের ৪০-৫০ জন সহকর্মী কর্তব্যরত অবস্থায় প্রাণ হারায়," বলেন করেন ডিএমপি কমিশনার। পুলিশের মহা-পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে 'সন্তোষজনক' দাবি করে বলেন, "সমাজবিরোধী ও অপরাধীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।" একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব ইকবাল খান চৌধুরী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/পিডি/২২১৫ ঘ.