ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের সঙ্গে মতৈক্য না হওয়ায় ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করতে পারেনি সরকার। আগের নির্ধারিত দামের প্রভাবও খুচরা বাজারে পড়েনি বলে স্বীকার করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল আমদানি ও প্রস্তুতকারকদের সঙ্গে সরকার ও ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক শেষে বাণিজ্য সচিব গোলাম হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম খুব অস্থির অবস্থার মধ্যে রয়েছে। একারণে দাম নির্ধারণের বিষয়ে একমত হতে পারিনি আমরা।"
একমাস পর পর ভোজ্যতেলের দাম পুনঃনির্ধারন করা হবে বলেও জানান তিনি।
গোলাম হোসেন বলেন, "আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে ভোজ্যতেল আমদানির ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহারের জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছি।"
ভোজ্য তেলের পূর্ব নির্ধারিত দাম খুচরা বাজারে কার্যকর হচ্ছে না বলেও তিনি স্বীকার করেন।
বাণিজ্য সচিব বলেন, "এর আগে আমরা যে দাম নির্ধারণ করে দিয়েছিলাম তা অধিকাংশ মিলগেটে কার্যকর হয়েছে। কিন্তু খুচরা বাজারে এর কোনও প্রভাব পড়েনি।"
বৈঠক শেষে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, "দাম নির্ধারণ করার পরও তা বাস্তবায়ন হয়নি। ফলে মিলমালিক, সরকার ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।"
এর আগে গত ২২ ডিসেম্বর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সরকার ১৫ দিনের জন্য ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়।
বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বাধীন কমিটি ১৫ দিন পর নতুন করে দাম নির্ধারণ করবে বলে ঠিক করা হয়েছিল।
ওইদিন মিলগেটে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম চট্টগ্রামে ৮৭ টাকা এবং ঢাকায় ৮৮ টাকা করা হয়। খুচরা বাজারে এর সর্বোচ্চ দাম ২ টাকা বেশি নির্ধারণ করা হয়।
চট্টগ্রামে বোতলজাত এক ও দুই লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম মিলগেটের ১৫ শতাংশ অর্থাৎ ১০০.০৫ টাকা করা হয়। সারাদেশের জন্য করা হয় ১০১.২০ টাকা। পাঁচ লিটারের বোতলের ক্ষেত্রে এ দামের সঙ্গে বোতলের দামও যুক্ত করার কথা বলা হয়।
চট্টগ্রামে প্রতিলিটার পাম ওয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য ধরা হয় ৮৫ টাকা এবং সারাদেশে ৮৬ টাকা।
এর আগে ৫ ডিসেম্বর আরো একবার ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়। কিন্তু দুই দফায় দাম নির্ধারনের পরও খুচরা বাজারে তা কার্যকর হয়নি।
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বুধবার ঢাকার খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১০১ থেকে ১০৩ টাকায়। পাম অয়েল বিক্রি হয়েছে ৮৯ থেকে ৯০ টাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেবি/এইচএ/পিডি/২২১১ ঘ.
bdnews24