ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দর উত্থানের রেকর্ডের পরদিনও পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত ছিলো। বেশিরভাগ শেয়ারের দামও বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্য সূচক গত দিনের চেয়ে ১৭৮ পয়েন্ট বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে দিন শেষে দাঁড়ায় ৭৬৯০ দশমিক ৬৮।
এদিন ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৪৭টির দাম বেড়েছে, কমেছে ৯৪টির। ৫টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
দিন শেষে মোট লেনদেন দাঁড়ায় ১ হাজার ৬৪৯ কোটি টাকা।
লেনদেনে সবচেয়ে এগিয়ে ছিল ব্যাংকিং খাত। লেনদেনের তালিকায় শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টিই ছিল এ খাতের।
লেনদেনের তালিকায় শীর্ষে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), দ্বিতীয় ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) ও তৃতীয় স্থানে ছিল ইউনাইটেড এয়ারওয়েজ।
গত সোমবার সর্বোচ্চ পতনের পরদিন মঙ্গলবার সূচক ১ হাজার ১২ পয়েন্ট বেড়ে যায়। এর আগে গত বছরের ১৬ নভেম্বর সাধারণ সূচক ৭৬৪ পয়েন্ট বেড়ে রেকর্ড গড়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24