ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ পতনের পরদিনই সূচকে সর্বোচ্চ বৃদ্ধি দেখেছে ঢাকার পুঁজিবাজার, বেড়েছে প্রায় সব শেয়ারের দাম। তবে মার্জিন লোনের নতুন হার না মানায় বিভিন্ন ব্রোকারেজ হাউসে বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার দিনের লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৮৭০ পয়েন্ট বেড়ে যায়। বেলা ৩টায় লেনদেন শেষে সূচক ৭৫১২ দশমিক ০৯ এ দাঁড়িয়েছে, যা দিনের শুরুর চেয়ে ১০১২ পয়েন্ট বা ১৫ দশমিক ৫৮ শতাংশ বেশি।
এর আগে গত বছরের ১৬ নভেম্বর সাধারণ সূচক ৭৬৪ পয়েন্ট বেড়ে রেকর্ড গড়েছিলো।
সারাদিনে ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৩টির দামই বেড়েছে, কমেছে ৫টির। লেনদেনের পরিমাণ ছিলো ৯৭৭ কোটি টাকার বেশি।
লেনদেনের শীর্ষে ছিলো বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণফোন, বেক্সটেক্স, তিতাস গ্যাসের শেয়ার।
দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যবৃদ্ধি আটকে যায়। এ কারণে ১৯৫টি শেয়ারের চাহিদা থাকলেও বিক্রেতা ছিলো না।
এদিকে মার্জিন লোনের অনুপাত ১:২ মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তা ব্রোকারেজ হাউসগুলো মানছে করছে না বলে অভিযোগ করেছে বিনিয়োগকারীরা। এ জন্য মতিঝিলে আল আরাফা, মার্কেন্টাইল, পূবালি এবং প্রাইম ব্যাংকের ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং শাখাসহ কয়েকটি ব্রোকারেজ হাউসে বিক্ষোভ হয়েছে।
তবে ব্যাংকগুলো বলছে, ঋণের জন্য তাদের নির্ধারিত অর্থের ওপর চাপ থাকায় তাদের পক্ষে এখনি সরকারের নির্দেশনা মানা এ মুহূর্তে সম্ভবপর নয়।
দুপুরের দিকে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ' ডিএসইর সামনে একটি লিফলেট বিলি করে। তারা বাজার স্থিতিশীল করতে সরারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। বাজার ২৪ ঘণ্টায় ব্যাপক পতন-উত্থানকে অস্বাভাবিক বর্ণনা করে এর তদন্তের দাবিও করেছে তারা।
তারা অভিযোগ করেছে, মার্চেন্ট ব্যাংকগুলো মার্জিন লোনের হারের বিষয়ে সরকারি নির্দেশনা মানছে না।
এ বিষয়ে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মুর্তজা আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশিরভাগ ব্যাংক এখন তাদের এক্সপোজার লিমিট দ্বারপ্রান্তে রয়েছে। ফলে এ মুহূর্তে মার্জিন লোনের ১:২ হার অনুসরণ করা তাদের পক্ষে সম্ভবপর নয়।"
ব্যাংকগুলো ১:০.৭৫ হারে ঋণ দেওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি।
আল আরাফা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের নির্দেশনা অনুসারে মার্জিন লোন দেওয়ার প্রক্রিয়া শুরু করতে তাদের দেড় মাস সময় লাগতে পারে।
সকালে ১:০.৬ হারে মার্জিন লোন দিতে চাইলে আল আরাফা ব্যাংকের মার্চেন্ট শাখায় বিক্ষোভ হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। তবে পরে ১:০.৮ হারে ঋণ দেওয়া হচ্ছে বলে জানান একরামুল।
এর আগে গত দুই দিনে ডিএসইতে সাধারণ সূচক পতনের রেকর্ড হয়। রোববার ৬০০ পয়েন্ট কমার পরদিন সে রেকর্ডও ভেঙে যায়।
গত বছরের শেষ থেকেই অস্থিতিশীল হয়ে উঠে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত ১৯ ডিসেম্বর ডিএসই সাধারণ সূচক একদিনে ৫৫১ পয়েন্ট কমে যায়। গত ১২ ডিসেম্বর কমে ২৮৫ পয়েন্ট। গত ৬ নভেম্বর মূল্যসূচক কমে ২৩৩ পয়েন্ট। বছরের শুরুতেও দরপতনের এ ধারাবাহিকতা অব্যাহত থাকে।
পুঁজিবাজারে দরপতনে বিক্ষোভ, ভাংচুর ও সড়ক অবরোধও হয় গত কয়েকদিনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এসআইএম/আরএইচএন/এমআই/১৫১৯ ঘ.
bdnews24