২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে তারল্য ঘাটতি নেই: কেন্দ্রীয় ব্যাংক

বাজারে তারল্য ঘাটতি রয়েছে বলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দাবিকে ভিত্তিহীন মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে তারল্য ঘাটতি রয়েছে বলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দাবিকে ভিত্তিহীন মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "আমরা পরস্পরকে দোষারূপের মধ্যে যেতে চাই না। তবে কিছু মহল কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে।" এর আগে এদিন এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার তার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, 'তারল্য সংকটের' মধ্য দিয়ে যাচ্ছে বর্তমান বাজার। দেশে পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ দরপতনের প্রেক্ষাপটে এ দুটি সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হলো। নজরুল হুদা বলেন, "বাজারে পর্যাপ্ত তারল্য রয়েছে। বাংলাদেশ ব্যাংক ক্যাশ রিজার্ভ রিকোয়্যারমেন্ট (সিআরআর) হিসাবে যে পরিমাণ অর্থ তুলে নিয়েছে তার তিনগুণেরও বেশি অর্থ বাজারে সরবরাহ করেছে।" কেন্দ্রীয় ব্যাংক গত ১৫ ডিসেম্বর থেকে ক্যাশ রিজার্ভ রিকয়্যারমেন্ট ০ দশমিক ৫ শতাংশ বাড়ানোর মাধ্যমে বাজার থেকে ২ হাজার কোটি টাকা তুলে নিয়েছিল। তিনি বলেন, "এটা সম্পূর্ণ ভুল তথ্য যে, সিআরআর বেড়ে যাওয়ায় বাজারে তারল্য ঘাটতি দেখা দিয়েছে। মুদ্রা ও পুঁজিবাজার দু'টি ভিন্ন বাজার। মুদ্রাবাজার তদারকির দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, আর পুঁজিবাজার দেখভাল করবে এসইসি। "কিন্তু তাই বলে আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। বিষয়টির গুরুত্ব বিবেচনায় আমরা আজ (সোমবার) তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে আলোচনায় বসেছিলাম।" যে সব ব্যাংক একক গ্রহীতার ক্ষেত্রে ঋণ দেওয়ার সীমা অতিক্রম করেছে কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রতি কঠোর না হওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক তার পরিশোধিত মূলধনের বিপরীেেত একক ঋণ হিসেবে ১৫ শতাংশের বেশি দিতে পারে না। নজরুল বলেন, "কিছু ব্যাংক ওই নিয়ম লঙ্ঘন করেছে। তবে আমরা তা নমনীয়ভাবে বিবেচনা করব। "পুঁজিবাজারে বিনিয়োগ করা অর্থের পরিমাণ সম্পর্কে আমরা ব্যাংকগুলোকে তথ্য সরবরাহ করতে বলেছি। যদি তারা আইনি সীমা অতিক্রম করে থাকে তবে তারা সেটা সমন্বয় করতে পারবে।" এই ডেপুটি গভর্নর বলেন, ২০০৯ সালেও ব্যাংকগুলোর কাছে বিনিয়োগের তথ্য চেয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু 'বাস্তবে আমরা ভিলেনে পরিণত হয়েছিলাম।' ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে ওই ব্যাংকগুলোর ৯১৪ কোটি টাকা অতিরিক্ত তহবিল রয়েছে, অর্থাৎ সেগুলো পুরোপুরি অলস অর্থ। এর আগে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবিডি) এর প্রেসিডেন্ট মাহমুদ সাত্তার, প্রাইমারী ডিলার'স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আনিস এ খান ও সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ তিনজন ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মাহমুদ সাংবাদিকদের বলেন, বাজারে পর্যাপ্ত তারল্য থাকায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুরোদমে তাদের কার্যক্রম শুরু করবে। আনিস খান জানান, রোববার তার ব্যাংক ১০০ কোটি টাকার শেয়ার কিনেছে। হুমায়ুন কবির বলেন, শেয়ারের দাম পড়ে যাচ্ছে এবং এটি এই ইঙ্গিতই দেয় যে শেয়ার কেনার এখন ভালো সময়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআর/জেবি/এইচএ/২২৫০ ঘ.