ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে মঙ্গলবার যথারীতি লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পুঁজিবাজারে সোমবার রেকর্ড দরপতনের কারণে বিনিয়োগকারীরা রাজধানীর রাস্তায় নেমে আসে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর পরপরই ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ করে দেয়।
দরপতনে রাজধানীর মতিঝিল এলাকা, ফার্মগেট ও মিরপুরে ব্যাপক বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা। মতিঝিলে ডিএসইর সামনে বিকাল ৩টার দিকে পুলিশ মাইকে বিক্ষোভকারীদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়।
মাইকে বলা হয়, সরকার বিনিয়োগকারীদের বিষয়ে সচেতন রয়েছে। এগুলো সরকার দেখবে। আপনারা রাস্তা থেকে সরে যান। এভাবে আপনাদের অবস্থানের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে।
পুলিশের এই পরামর্শ উপেক্ষা করে বিনিয়োগকারীরা বিক্ষোভ করে চলেছে। তারা দমকল বাহিনীর একটি গাড়িকে ওই এলাকায় যেতে বাঁধা দেয়।
এর আগে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা পুরো মতিঝিল এলাকায় রাস্তায় অবস্থান নেয়। জীবন বীমা মোড়ে শত শত বিক্ষোভকারী ইটপাটকেল নিক্ষেপ করে জীবন বীমা ভবনের কাঁচ ভাংচুর করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসইসি কার্যালয় জীবন বীমা ভবনে অবস্থিত।
জীবন বীমা মোড়, ইত্তেফাক মোড় ও মতিঝিল-ফকিরাপুল সড়কে বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় কাগজ-কাঠ জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। চট্টগ্রাম ও বগুড়াতেও ক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিক্ষোভ করে।
সোমবার লেনদেন শুরুর প্রথম ৫৫ মিনিটে আগের দিনের রেকর্ড ভেঙে মূল্যসূচক পড়ে যায় ৬৬০ দশমিক ৪৩ পয়েন্ট।
এর পরপরই ক্ষুব্ধ বিনিয়োগকারীরা মতিঝিলের রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করে। পুরো মতিঝিল এলাকা জনসমূদ্রে পরিণত হয়। এ সময় মতিঝিল এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ডিএসইর সামনে র্যাব ও পুলিশ বিক্ষোভকারীদেরকে লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় চার সাংবাদিকসহ ৯ জন আহত হয়।
সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রাম শেয়ারবাজারে লেনদেন বন্ধ করে দেয় এসইসি। বেলা ১টার দিকে এসইসি জরুরি বৈঠকে বসে।
বিনিয়োগকারীদের সরকারবিরোধী শ্লোগান, রাস্তায় কাগজ কাঠ জড়ো করে তাতে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় মতিঝিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
দৈনিক বাংলার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের সরিয়ে দিয়ে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ইটপাটকেল নিয়ে তা পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে।
ফার্মগেট ও মিরপুর এবং চট্টগ্রামের আগ্রাবাদেও বিক্ষোভ করছে বিনিয়োগকারীরা। তারা সরকারবিরোধী শ্লোগান দিচ্ছে।
বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা মিরপুর ১ নম্বর গোল চত্বর ও ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ওই এলাকা অচল হয়ে পড়ে। ১ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রোকেয়া সরণি ও টেকনিক্যাল-মিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ওদিকে লেনদেন বন্ধ করার সিদ্ধান্তের পর হাজার হাজার বিনিয়োগকারী ডিএসইর সামনে ও আশপাশ এলাকার রাস্তায় নেমে আসে। এসময় পুরো মতিঝিল জনসমুদ্রে পরিণত হয়।
ডিএসইর সামনে সকাল থেকেই বিপুল সংখ্যক র্যাব-পুলিশ অবস্থান নিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এসআইটি/কেটি/এসআইএম/এজে/কেএমএস/১৫২৬ ঘ.
bdnews24