২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ঋণে খাত নির্দিষ্টের কথা বলেছেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজারের মতো ঝুঁকিপূর্ণ খাতে ব্যাংকের টাকা যেন না যায়, সেজন্য ব্যাংক ঋণের খাত নির্দিষ্ট করে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের মতো ঝুঁকিপূর্ণ খাতে ব্যাংকের টাকা যেন না যায়, সেজন্য ব্যাংক ঋণের খাত নির্দিষ্ট করে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে বৈঠকে অংশ নেওয়া এক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, "বৈঠকে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংক থেকে অবাধে ঋণ নিয়ে এক শ্রেণীর মানুষ তা শেয়ারবাজারে বিনিয়োগ করছে। কিন্তু লাভের আশায় বিনিয়োগ করে তারা লোকসানের মুখোমুখি হচ্ছে। এজন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এর খাত নির্দিষ্ট করে দিতে হবে। যাতে ঋণ নিয়ে এরা ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করতে না পারে।" গত মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিভিন্ন খাতের ব্যাংক ঋণের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেন। এরপর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হবে। গত বছরের শেষ ভাগ থেকে পুঁজিবাজারে অস্থিরতা চলছে। গত ১৯ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একদিনে সর্বোচ্চ দরপতনের রেকর্ড হয়। সূচক ৬০০ পয়েন্ট কমে রোববারই সর্বোচ্চ দরপতনের নতুন রেকর্ড হয়। পুঁজিবাজারে দরপতনে অর্থ হারিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষও দেখা দেয়। যার প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুরও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮০৮ ঘ.