সাভার, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার জামগড়ায় দুটি পোশাক কারখানায় শ্রমিকরা ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে।
শনিবার সকালে জামগড়ায় ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড ও মদিনা এ্যাপারেলস ফ্যাশন ক্যাপস লিমিটেড কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে।
শিল্প পুলিশের আশুলিয়া অঞ্চলের পরিদর্শক মোখলেছুর রহমান জানান, জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড কারখানার প্রায় ১৭শ' শ্রমিক সকাল ৮টার দিকে কাজ শুরু করে। পরে শ্রমিকরা জানতে পারে তাদের ৩২ জন সহকর্মীকে বরখাস্ত করা হয়েছে।
সকাল ৯টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ রেখে কারখানার ভিতর বিক্ষোভ শুরু করে। বরখাস্ত শ্রমিকদের পুণর্বহাল না করা হলে কঠোর আন্দোলন শুরু করবে বলে তারা হুমকি দেয়।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) লরেঞ্জ বাড়ৈ জানান, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা গত ২ জানুয়ারি সকালে কারখানার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় তারা মালিক পক্ষের লোক বিবেচনায় কারখানার ইলেকট্রিক মিস্ত্রী আব্বাস আলী ও লাইন চীফ মোহাম্মদ হোসেনকে মারধর করে।
তিনি বলেন, "এ ঘটনায় ৩২ জন শ্রমিককে বরখাস্ত করা হয়। এদের মধ্যে ২৫ জন শ্রমিক পাওনা বুঝে নিয়ে চলে গেছে। তবে বরখাস্তকৃত ৭জন শ্রমিক পাওনাদি না নিয়ে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।"
শিল্প পুলিশের আশুলিয়া জোনের আরেক পরিদর্শক আব্দুল বাতেন খান জানান, অপর একটি কারখানায় পৃথক ঘটনায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে।
তিনি জানান, এই কারখানার দুই কর্মকর্তাকে মারধর করার অভিযোগে গত ৫ জানুয়ারি আশুলিয়া থানায় ২২ জন শ্রমিককে আসামি করে একটি মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ।
শনিবার সকালে মামলার আসামি ওই ২২ জন শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কারখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ।
এ খবর জানার পর কারখানার নীটিং শাখার প্রায় ৭শ' শ্রমিক সকাল ৯টার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকে।
ওই শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদেরকে পুণর্বহালের দাবিতে শনিবার সকালে কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে।
এ প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকেই পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারখানার সামনে থানা পুলিশের পাশাপাশি পর্যাপ্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৫৪ ঘ.
bdnews24