আব্দুল্লাহ আল মুয়ীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুব্ধ হয়েছেন ফল বিক্রেতা তোতা মিয়াও। তার দুটি কাঠের বাক্স পুড়িয়ে দিয়েছে বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে তখনো জ্বলছে তার ফলের বাক্সগুলো।
"হ্যারা পাগল হইয়া গেছে। আল্লাই জানে কিয়ের লাইগ্যা এমন ছুটতাছে," রাগে গজগজ করতে করতে বললেন তিনি।
বিনিয়োগকারীরাও তখন হতাশা আর উত্তেজনায় টগবগ করছেন। গত তিন দিনে ডিএসই'র মূল্য সূচক ৩০০ পয়েন্টেরও বেশি কমে যায়।
"গত তিন দিনে আমার চার লাখ টাকা গেছে। পরিবারে আমার চারজন সদস্য আছে। আমার ভবিষ্যৎ অন্ধকার," বলছিলেন বিক্ষোভে অংশ নেওয়া রফিকুল ইসলাম রাকিব।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর ডিএসই'র শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তাঁরস্বরে তাই স্লোগান দিচ্ছিলেন তিনি।
বুধবার ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরুর আধঘণ্টার মধ্যেই সাধারণ সূচক ১২০ পয়েন্ট কমে গেলে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
ব্যাপক দরপতনের পর বাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও বিনিয়োগকরীরা রাস্তায় অবস্থান নেয়। এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংক ও ডিসই ভবনে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীদের একটি অংশ।
বিনিয়োগকারীদের দমন করতে জল কামান, সাজোয়া যান নিয়ে হাজির হয় নিরাপত্তা বাহিনী। লাঠিপেটা আর কাঁদানে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের।
কেন্দ্রীয় ব্যাংকের সামনে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকরা।
ডিএসই'র সাবেক প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "এটা খুবই খারাপ লক্ষণ। বিনিয়োগকারীদের এমনটা করা উচিত হয়নি।"
তবে তিনি বলেন, বাজারে লাখ লাখ বিনিয়োগকারী নিয়োজিত। পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ করা অর্থের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া হারের চাইতে যতটুকু বেশি আছে তা সমন্বয় করার বিষয়টি যেন ধীরেসুস্থে করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা জানান, বুধবারের ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক করতে বাজারে আরো অর্থ সরবরাহের কোনো ইচ্ছা বাংলাদেশ ব্যাংকের নেই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুদ্রা বাজার তারল্য ঘাটতিতে রয়েছে যদিও আমদানি ব্যয় ও বিনিয়োগ বেড়েই যাচ্ছে।
"কেন্দ্রীয় ব্যাংক বাজারে কোনো অর্থ সরবরাহ বাড়াবে না, যা মুদ্রাস্ফীতি ও সম্পদের স্ফীতি ঘটাবে।"
বেলা পৌনে ৪টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএসই প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, এ ধরনের বিক্ষোভ পুঁজি বাজারের জন্য মঙ্গল বয়ে আনবে না।
তিনি বলেন, "এ ধরনের ঘটনা ঘটলে ক্ষুদ্র ও বিদেশী বিনিয়োগকারীরা বাজারের উপর আস্থা হারাবেন। এটা বাজারের জন্য কোনোভাবেই ভাল ফল বয়ে আনবে না।"
রণক্ষেত্র
বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ডিএসই ভবনে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। তার পরই তারা রাস্তায় একটি বাস পুড়িয়ে দেয়। ইট-পাটকেল ছুঁড়তে থাকে আশপাশের ভবনগুলোতে।
বিনিয়োগকারীরা মিছিল করে ডিএসই ভবনের কাছে কাগজ আর কাঠের স্তুপে আগুন ধরিয়ে দিলে মতিঝিল এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভের কারণে প্রায় ৩ ঘণ্টা মতিঝিল থেকে আর কে মিশনমুখী অফিসপাড়ার ব্যস্ত ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থকে।
মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেলা দেড়টার দিকে বিনিয়োগকারীরা কেন্দ্রীয় ব্যাংকের সামনে আবারো বিক্ষোভ শুরু করে। কয়েকজন ব্যাংকের ফটকে লাথি মারে। এ সময় বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পুলিশ।
পরবর্তী আধঘণ্টা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে প্রবল বাধার মুখে পড়ে।
এক পর্যায়ের আশপাশের বহুতল ভবনের উপর থেকে বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল, চেয়ার, কাঠের টুকরা ছুঁড়ে মারতে থাকে।
পরে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের হটিয়ে দিলে দুপুর সোয়া ২টার পর গাড়ি চলাচল শুরু হয়।
লেনদেনে উত্থান-পতন
বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৭৯৪৮ দশমিক ৪৩ এ দাঁড়ায়, যা দিনের শুরুর চেয়ে ৩২ দশমিক ৫৫ পয়েন্ট কম।
এদিন মোট ১ হাজার ২৯ কোটি টাকায় ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ১৫৮টির, বেড়েছে ৮০টির। ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর ডিএসইতে সবচেয়ে কম লেনদেন হয়। ওইদিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৮ কোটি টাকা।
বুধবার দিনব্যাপী সাধারণ সূচকের উত্থান-পতন অব্যাহত ছিল। এর মধ্যে দুই দফা সূচকের বড় ধরনের পতন হয়।
দুপুর ১টা ২২ মিনিটে সূচক ছিল ৭ হাজার ৯২৪ দশমিক ১৮, যা দিন শুরুর চেয়ে ৫৬ দশমিক ৮০ পয়েন্ট কম। বেলা ১১টা ৪৪ মিনিটে সূচক ছিল ৭ হাজার ৮৮৫ দশমিক ৫২।
বাজার বিশ্লেষকরা বলছেন, তারল্য সংকটের কারণে সূচকের এ ধরনের পতন হয়েছে।
ডিএসই'র সাবেক প্রধান নির্বাহী সালাহউদ্দিন বলেন, বিনিয়োগকারীরা সক্রিয় না থাকায় এবং অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীই আইপিও'র জন্য আবেদন করার বিষয়ে ঝুঁকে পড়ায় বাজারে এখন তারল্য প্রবাহের ঘাটতি দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24