ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে কৃষি, বিদ্যুৎ, জ্বালানি খাত ও খাদ্যে ভর্তুকি বাড়ছে। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার অনুষ্ঠিত কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং খাদ্যে ভর্তুকি সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে এ কথা বলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারে তেল, জ্বালানি, খাদ্য ও সারসহ বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধিতে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশে দ্রব্যমূল্য প্রতিবেশি দেশগুলোর তুলনায় এখনও অনেক কম। উদহারণ হিসেবে উল্লেখ করা হয়, ভারতে চালের মূল্য যেখানে বাংলাদেশী মুদ্রায় প্রতি কেজি ৪০ টাকা সেখানে বাংলাদেশে চালের মূল্য এখনও ৩২ টাকা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর অর্থ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এবং সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২১৩২ ঘ.
bdnews24