ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরই আরো তিন হাজার ৮০০ শ্রমিককে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মোশাররফ হোসেন বলেন, "দক্ষিণ কোরিয়ায় বর্তমানে বাংলাদেশের প্রায় চার হাজার শ্রমিক রয়েছে। এ বছরই আরো তিন হাজার ৮০০ শ্রমিক সেখানে যাবে।"
মোশাররফ জানান, দক্ষিণ কোরিয়ায় শ্রমিক পাঠানোর নীতিমালায় পরিবর্তন আনায় দেশটির বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী হয়ে উঠছে।
আগামী ২৪ অক্টোবর মোশাররফ হোসেন দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। সেখানেই এসব বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, "দ্রুত কর্মস্থল পরিবর্তন করায় দক্ষিণ কোরিয়ার জনশক্তি আমদানিকারক শিল্প-প্রতিষ্ঠানের মালিকরা বাংলাদেশী শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছিলো। বর্তমানে সরকার সেখানে জনশক্তি পাঠানোর নিয়মে পরিবর্তন এনেছে।"
নতুন নিয়ম অনুযায়ী, কোনো শ্রমিক নির্দিষ্ট সময়ের আগে কর্মস্থল পরিবর্তন করলে তিন লাখ টাকার জরিমানার বিধান করা হয়েছে। এ জরিমানা ওই শ্রমিক অথবা তাদের বাংলাদেশে বসবাসকারী আত্মীয়-স্বজনের কাছ থেকে আদায় করা হচ্ছে।
এতে কোরিয়ায় বাংলাদেশী শ্রমিকদের দ্রুত কর্মস্থল পরিবর্তনও কমে গেছে বলে জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মন্ত্রী বাংলাদেশ সফররত দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
মোশাররফ বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় চার হাজার প্রশিক্ষিত শ্রমিক রয়েছে। এসব শ্রমিক কোরীয় ভাষা শিখে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত।
বিশ্বে বাংলাদেশের শ্রম বাজার প্রসারের বিভিন্ন নজির তুলে ধরে তিনি বলেন, সৌদি আরব ও মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশী কর্মী পাঠানোর পথ খুলছে। মালয়েশিয়া শিগগিরই কিছু 'জেলে' নেবে। এছাড়াও নির্মাণ, কৃষি এবং বৃক্ষরোপণ খাতেও বাংলাদেশ থেকে কর্মী নেবে দেশটি।
"আমরা (সৌদি আরব ও মালয়েশিয়া) তাদের বলেছি, বাংলাদেশ থেকে আর কোনো অবৈধ কর্মী সেখানে যাবে না। আর সেখানে গিয়েও কেউ অবৈধ হবে না। এ নিয়ে আলোচনায় সবকিছু ঠিক হলেই তারা কর্মী নেওয়া শুরু করবে", বলেন তিনি।
অবৈধভাবে কর্মী পাঠানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তি কঠোর করে এ সংক্রান্ত আইনে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, "নতুন আইনে জেল ও জরিমানাসহ বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে। ফলে প্রতারণা করে অবৈধভাবে কর্মী পাঠানো বন্ধ হয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭২১ ঘ.
bdnews24