২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ কেবিন ক্রু আটক

বাংলাদেশ বিমানের লন্ডনগামী ফ্লাইটের একজন কেবিন ক্রুর কাছ থেকে বিভিন্ন দেশের প্রায় আড়াই কোটি টাকার মুদ্রা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 06:01 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের লন্ডনগামী ফ্লাইটের একজন কেবিন ক্রুর কাছ থেকে বিভিন্ন দেশের প্রায় আড়াই কোটি টাকার মুদ্রা উদ্ধার করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার ভোরে শুল্ক বিভাগের কর্মকর্তারা এই মুদ্রা উদ্ধার করেন। শুল্ক বিভাগ কর্তৃপক্ষ জানায়, বিমানের কেবিন ক্রু কামরুন্নাহার টুটুলকে এসব মুদ্রাসহ আটক করা হয়। বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপকমিশনার অরুণ কুমার বিশ্বাস বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোরে লন্ডনগামী বিমানের ফ্লাইটের আগে বিমান বন্দরে কামরুন্নাহারের হাতব্যাগ ও দেহ তল্লাশী করে সাতটি দেশের এসব মুদ্রা উদ্ধার করা হয়।'' তিনি জানান, উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রাগুলোর মধ্যে রয়েছে মার্কিন ও সিঙ্গাপুরি ডলার, সৌদি রিয়াল, কাতারি রিয়াল ও ইউরো। অরুণ কুমার বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে লন্ডনের এই ফ্লাইটের যাত্রীদের ওপর আমাদের নজরদারি ছিলো। কামরুন্নাহারের গতিবিধি সন্দেহজনক মনে হয় আমাদের।" তিনি বলেন, "প্রথমে তার হাতব্যাগ তল্লাশী করে একটি জর্দার কৌটার মধ্যে কিছু বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। সে ওই জর্দার কৌটাকে মেকআপ বক্স বলেছিলো। পরে তার দেহ তল্লাশী করে বাকি মুদ্রাগুলো উদ্ধার করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/কিউএইচ/কেএমএস/১১৫৯ ঘ.