২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানথ্রাক্স: মৃত পশুর মালিকরা পাবেন ক্ষতিপূরণ

অ্যানথ্রাক্স বা তড়কা রোগে মারা যাওয়া পশুর মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 07:40 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স বা তড়কা রোগে মারা যাওয়া পশুর মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার। তবে কী হারে ক্ষতিপূরণ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া পশুর মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অ্যানথ্রাক্স পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর মৃত গবাদি পশুর প্রকৃত সংখ্যা নিরূপণ করে সে ক্ষতিপূরণ দেওয়া হবে।" কী হারে ক্ষতিপূরণ দেওয়া হবে- জানতে চাওয়া হলে মন্ত্রী সুনির্দিষ্ট কোনো হার উল্লেখ না করে বলেন, "সরকারের পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু করা হবে।" অ্যানথ্রাক্স রোগ অনেকটাই নিয়ন্ত্রণে দাবি করে লতিফ বিশ্বাস বলেন, আশা করছি কোরবানির ঈদের আগেই তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে লতিফ বিশ্বাস তার কার্যালয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তারা মন্ত্রীকে জানান, অ্যানথ্রাক্সের কারণে পশু জবাই কমে যাওয়ায় দেশের চামড়া শিল্পে গত দেড় মাসে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেড অ্যালার্ট প্রত্যাহার, অ্যানথ্রাক্স প্রতিরোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটিতে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, অ্যানথ্রাক্সের কারণে চামড়া শিল্প মালিকরা তাদের বিভিন্ন ক্ষতির চিত্র তুলে ধরেছেন। এ শিল্পটি যাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। লতিফ বিশ্বাস বলেন, "গত ১৮ সেপ্টেম্বর থেকে দেশে কোনো পশুর মধ্যে অ্যানথ্রাক্স ধরা পড়েনি। তবে অন্য কারণে বিচ্ছিন্নভাবে কিছু পশুর মৃত্যু হয়েছে। এতে অ্যানথ্রাক্স বর্তমানে সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে বলে মনে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আমরা পর্যবেক্ষণ করছি।" অ্যানথ্রাক্স আক্রান্ত বিভিন্ন জেলায় পর্যাপ্ত ভ্যাকসিন (টিকা) সরবরাহ ও মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, ঈদের একমাস আগে জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠক করে বিভাগীয় কর্মকর্তাদের প্রতি জারি করা সর্বোচ্চ সতর্কাবস্থা (রেড অ্যালার্ট) প্রত্যাহারের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। একইসঙ্গে কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে পশুদের টিকাদান কর্মসূচিও সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ ও মহাসচিব আব্দুল হাই সাংবাদিকদের জানান, গত দেড় মাসে তাদের চামড়া সংগ্রহের পরিমাণ ছিলো স্বাভাবিক অবস্থার তুলনায় মাত্র ২০ শতাংশ। ফলে তাদের মজুদ প্রায় শেষ হয়ে গেছে। বড় ব্যবসায়ীদের গুদামও আগামী ১৫ দিনের মধ্যে খালি হয়ে যাবে। এতে ৬৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়তে পারে, রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভব হবে না, বলেন তারা। গত ১৮ অগাস্ট সিরাজগঞ্জের বেলকুচি ও কামারখন্দ উপজেলায় প্রথম গরুর মধ্যে তড়কা বা অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ দেখা যায়। পরে তা মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স নতুন কোনো রোগ নয়। আগেও এ রোগ ছিল। এটি কোনো মারণব্যাধিও নয়। রোগটি মানুষ থেকে মানুষে ছড়ায় না। আক্রান্ত রোগী অতি সাধারণ চিকিৎসায় সুস্থ হয়ে যায়। প্রাণি বিশেষজ্ঞদের মতে, কেবল আক্রান্ত পশুর সংস্পর্শে এলে রোগটি ছড়ায়। তাই কোনো আক্রান্ত পশুর সন্ধান পাওয়া গেলে তা জবাই করে মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/এমআই/১৫১৩ ঘ.