২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই'র মূল্য সূচকে রেকর্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিসই) মূল্য সূচকে নতুন রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো ডিএসই সূচক সাত হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 06:21 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিসই) মূল্য সূচকে নতুন রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো ডিএসই সূচক সাত হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। সোমবার ডিএসই সাধারণ সূচক ৬৭.৫৭ পয়েন্ট বেড়ে দিন শেষে দাঁড়ায় ৭০২৬.২৬। বিনিয়োগকারীরা বলেন, বাধ্যতামূলক শেয়ার বিক্রি ও মার্জিন লোন বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা স্থগিত হতে পারে এমন গুজবের কারণে বাজারে ঊর্ধ্বগতি শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে দেশের প্রথম সারির একটি ব্রোকারেজ হাউসের একজন কর্মকর্তা বলেন, "এসইসি'র নির্দেশনার বিরুদ্ধে গত রোববার হাইকোর্টে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা বাজারের ওপর আস্থা অর্জন করে। আজ (সোমবার) আমাদের শেয়ার কেনার বিশাল চাপ সামলাতে হয়েছে।" অবশ্য দুপুরের দিকেই এসইসি'র ওই দুটি নির্দেশনা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। সেইসঙ্গে এসব নির্দেশনা কেন অবৈধ ঘোষণা করা হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে এসইসি, অর্থ মন্ত্রণালয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে এর কারণ জানাতে বলা হয়। সোমবার ডিএসইতে শেয়ারের লেনদেন গত দিনের চেয়ে ১৮ শতাংশ বেড়ে দিন শেষে লেনদেন দাঁড়ায় ২,২৫৬ কোটি টাকা। ব্যাংক, জ্বালানি ও ইন্স্যুরেন্স কোম্পানিসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারেও লেনদেনে ঊর্দ্ধগতি দেখা যায়। বিনিয়োগকারীরা অবশ্য মনে করছেন, বাজারের এই ঊর্ধ্বগতি স্থায়ী হবে না। এইমস অব বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজারে শেয়ারের সরবরাহ না হলে এই লেনদেন বৃদ্ধি স্থায়ী হবে না।" তিনি আরো বলেন, "এই মুহূর্তে বাজারে শেয়ারের ঘাটতি থাকার কারণেই দাম এমন ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/আরএইচএন/টিএ/জেবি/এইচএ/২৩৫০ ঘ.