ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) একটি ডেনিম প্ল্যান্ট স্থাপন করবে ভারতের একটি কোম্পানি।
রোববার ভারতের অরবিন্দ লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজতকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর অরবিন্দ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (ডেনিম) আমির আখতার সাংবাদিকদের বলেন, "আমরা প্রায় ছয় কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছি। আশা করছি এতে তিন হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।"
অরবিন্দের প্রায় ৬০ শতাংশ ডেনিম বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাঁচামাল হিসাবে রপ্তানি করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন "তাই আমরা এখানে একটি কারখানা স্থাপন করাকে যুক্তিসঙ্গত মনে করছি।"
এক প্রশ্নের জবাবে আখতার বলেন, কম মজুরি খরচ ও বিশাল বস্ত্রখাতের কারণে তারা বাংলাদেশে উৎপাদন শুরু করতে উৎসাহী হয়েছেন।
তিনি বলেন, "আমরা আশা করছি ২০১৫ সালের মধ্যে এর বাজার ১২ শতাংশ বৃদ্ধি পাবে, যা বছরে ৫০ কোটি মিটার ডেনিম উৎপাদনের সমান।"
বর্তমানে বাংলাদেশে বছরে ৩০ কোটি মিটার ডেনিম ব্যবহার করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বেপজা'র নির্বাহী পরিচালক জামিল আহমেদ খান, বাংলাদেশ ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএ/জেবি/এমআই/১৮২৭ ঘ.
bdnews24