নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অযৌক্তিকভাবে সুতার দাম বাড়িয়ে রপ্তানিমুখী নিট পোশাক শিল্পকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নেতারা।
তারা অভিযোগ করেন, বিশ্ববাজারে তুলার দাম বাড়লেও এখানে স্পিনিং মিল মালিকেরা সিন্ডিকেট করে সুতার দাম বাড়াচ্ছে সামঞ্জস্যহীন ও অযৌক্তিকভাবে।
শনিবার সন্ধ্যায় জেলা শহরের নারায়ণগঞ্জ ক্লাব কনভেশন এক মতবিনিময় সভায় বিকেএমইএ নেতারা দাবি করেন, এখনই সুতার দাম সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা না করলে দেশের রপ্তানিমুখী নিট পোশাক শিল্প ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। তখন কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া তাদের আর উপায় থাকবে না।
মতবিনিময় সভায় স্থানীয়ভাবে উৎপাদিত সুতার দামের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতি ও এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়।
বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি (অর্থ) এএইচ আসলাম সানি, সহ-সভাপতি শরাফত জামিল, সদস্য মো. শাহজাহান, জিএম হায়দার বাবলু প্রমুখ।
নেতারা বলেন, বিশ্ববাজারে তুলার দাম বেড়েছে- এটা সত্য। কিন্তু তুলার দামের সঙ্গে সামঞ্জস্যহীন ও অযৌক্তিকভাবে সুতার দাম বাড়ানো হচ্ছে।
ঈদের পর থেকে প্রায় প্রতিদিনই পরিকল্পিতভাবে সুতার দাম বাড়াচ্ছে তারা।
তারা বলেন, ২০০৯ সালের এপ্রিল-মে মাসে তুলার দাম ছিল প্রতি পাউন্ড ৫৬ থেকে ৬০ সেন্ট। স্পিনিং মিলগুলোর প্রতি কেজি সুতার উৎপাদন ব্যয় ছিল প্রায় দুই ডলার। তারা বিক্রি করেছে প্রতি কেজি সুতা দুই ডলার ১০ সেন্ট থেকে ২ ডলার ২০ সেন্ট পর্যন্ত।
ওই বছরের সেপ্টেম্বরে প্রতি কেজি তুলার দাম ছিল ৬৪ সেন্ট। প্রতি কেজি সুতার উৎপাদন ব্যয় ছিল ২ ডলার ৪৬ সেন্ট। তারা বিক্রি করেছে ২ ডলার ৬৫ সেন্টে।
২০১০ সালের সেপ্টেম্বরে তুলার দাম বাড়ার পর প্রতি কেজি সুতার উৎপাদন ব্যয় দাঁড়ায় ৩ ডলার ৬১ সেন্টে। সেই হিসাবে বিক্রি করার কথা ৩ ডলার ৮০ থেকে ৮৫ সেন্টের মধ্যে।
ঈদের আগে প্রতি কেজি সুতার দাম ছিল ৩ ডলার ৭০ সেন্ট। ঈদের পর প্রতিদিন লাফিয়ে লাফিয়ে সুতার দাম বাড়ানো হচ্ছে।
বিকেএমইএ নেতারা দাবি করেন, এখন ৪ ডলার ৪০ থেকে ৬০ সেন্ট পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। তুলার দাম অনুসারে প্রতি কেজি সুতার দাম কোনোক্রমেই ৪ ডলারের বেশি হওয়া উচিত নয়।
তাছাড়া এখন সুতা উৎপাদনে যে তুলা ব্যবহার করা হচ্ছে তা আমদানি করা হয়েছে আরো দুই/তিন মাস আগে। তখন দাম অনেক কম ছিল। এখন তুলার যা দাম তা আমদানি করা হলে সুতার দামে এর প্রভাব পড়ার কথা আরো দুই তিন মাস পর।
এক্ষেত্রে সরকারের কোনো মনিটরিং নেই বলে অভিযোগ করেন তারা।
এ অবস্থা চলতে থাকলে কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না বলে মত প্রকাশ করেন।
তারা সুতার দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24