২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফট্ওয়্যার রপ্তানিতে আয় সাড়ে তিন কোটি ডলার

৩০ দেশে সফট্ওয়্যার রপ্তানি করে ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ সাড়ে তিন কোটি ডলার আয় করেছে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০ দেশে সফট্ওয়্যার রপ্তানি করে ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ সাড়ে তিন কোটি ডলার আয় করেছে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। জাতীয় সংসদে বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী একথা জানান। নওগাঁ-২ আসনের সাংসদ মোঃ শহীদুজ্জামান হকের প্রশ্নের জবাবে ইয়াফেস জানান, ইউরোপ, আমেরিকা, কানাডা, ডেনমার্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ এশিয়ার দেশে সফটওয়্যার রপ্তানি করে এ আয় হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম ফরিদুন্নাহার লাইলীর আরেক প্রশ্নের জবাবে ইয়াফেস ওসমান জানান, চলতি অর্থবছরে এক হাজার চার'শ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। ২০১০-১১ অর্থবছরে পাঁচটি পৃথক কর্মসূচির মাধ্যমে সারা দেশে বিদ্যুৎ সংযোহবিহীন আটশ ৫৯টি ইউনিয়ন পরিষদে একটি করে ইউনিয়ন ই-সেন্টার স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী জানান, সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ে ল্যান ও সার্ভারসহ ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার, সব বিভাগীয় সদরে একটি করে আইটি পার্ক এবং কারওয়ান বাজারের জনতা টাওয়ারে সফট্ওয়ার পার্ক স্থাপন করা হবে। এছাড়া প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, জেলা এবং উপজেলাকে পর্যায়ক্রমে একটি পাবলিক ডাটা নেটওয়ার্কের আওতায় আনতে একটি প্রকল্প নেয়া হয়েছে বলেও জানান ইয়াফেস ওসমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৩৪ ঘ.