২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানথ্রাক্স আতঙ্কে চামড়া শিল্পে ধস

অ্যানথ্রাক্স আতঙ্কে গরু-ছাগলের মাংস খাওয়া কমে যাওয়ায় ধস নেমেছে দেশের রপ্তানি আয়ের তৃতীয় বৃহত্তম খাত চামড়া শিল্পে। সরকারি উদ্যোগ ঠিকভাবে কাজ না করলে চরম বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শামীম আল আমিন-এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 04:54 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

শামীম আল আমিন ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স আতঙ্কে গরু-ছাগলের মাংস খাওয়া কমে যাওয়ায় ধস নেমেছে দেশের রপ্তানি আয়ের তৃতীয় বৃহত্তম খাত চামড়া শিল্পে। এ শিল্পে যুক্ত ব্যক্তিরা বলছেন, অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার পর গরু-ছাগলের চামড়ার সরবরাহ আগের চেয়ে প্রায় ৮০ ভাগ কমে গেছে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফতাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোজার ঈদে যেখানে সারাদেশে ৫ থেকে ৬ লাখ গরু জবাই করা হয়। সেখানে এবার মাত্র লাখ খানেক গরু জবাই হয়েছে। স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন সারাদেশে প্রায় ১০ হাজার গরু জবাই হতো। তা দেড়/দুই হাজারে নেমে এসেছে।" আগামী কোরবানির ঈদের আগে কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে এ শিল্পে মারাত্মক বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করেন তিনি। গত ১৮ অগাস্ট সিরাজগঞ্জের বেলকুচি ও কামারখন্দ উপজেলায় প্রথম গরুর মধ্যে তড়কা বা অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ দেখা যায়। পরে তা মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত ১২ জেলায় ৫৮৩ জন মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, আতঙ্কিত না হওয়ার কথা মুখে বলা হলেও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে সচেতনতা তৈরির জন্য জোরালো কোনো সরকারি উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রস্তুত চামড়া শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোটারস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম আনসারি জানান, চামড়া শিল্প থেকে ২০০৯-১০ অর্থ বছরে আয় হয়েছে প্রায় ৪৫৯ দশমিক ২৫ মিলিয়ন ইউএস ডলার বা প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা। যা ওই বছরের রপ্তানি আয়ের ৪ শতাংশ। রাজধানীর কাঁঠালবাগান বাজারের আব্দুল বারেক মিয়ার মাংসের দোকানে প্রতি শুক্রবার গড়ে ১০ থেকে ১২টি গরু জবাই হতো। এখন এই সংখ্যা নেমে এসেছে ২/৩ টিতে। ছাগলের মাংস বিক্রিও কমেছে অনেক। বারেক মিয়া বলছেন, 'অহেতুক' আতঙ্কে গরু-ছাগলের মাংস খাওয়া ছেড়েছে নগরবাসী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অ্যানথ্রাক্স আক্রান্ত হলে কয়েক ঘণ্টার মধ্যে গরু মারা যাওয়ার কথা। অনেক পথ পাড়ি দিয়ে ঢাকায় আসা অসুস্থ গরুর বেঁচেই থাকারই কথা নয়। এখন সুস্থ গরু জবাই দেওয়া হলেও মানুষ অনেক কম কিনছে।" অ্যানথ্রাক্স আতঙ্ক রোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মাংস ব্যবসায়ীরা। গত শুক্রবার বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি সংক্রমণ প্রতিরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে ১৫ দিন সময় বেঁধে দেয়। সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলমের দাবি, 'ষড়যন্ত্র' করে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়ানো হচ্ছে। তিনি এর তদন্তও দাবি করেন। রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেবল মাংস ব্যবসায়ী নন। এর সঙ্গে জড়িত কসাই ও সহযোগী মিলিয়ে বড় একটি জনগোষ্ঠী আজ মারাত্মক ক্ষতির সম্মুখীন। ক্ষতির মুখে চামড়া শিল্পও।" ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোটারস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও করিম লেদার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল বলেন, "কোরবানির আগে আতঙ্ক দূর করা না গেলে চামড়া শিল্পে বিপর্যয় ঠেকানো যাবে না।" "আতঙ্ক দূর করা না গেলে এ বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয়ের পথ বন্ধ হয়ে যাবে", বলেন তিনি। এ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বছরে সারাদেশ থেকে ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ গরুর চামড়া, ৩১ দশমিক ৮২ শতাংশ ছাগলের, ২ দশমিক ২৫ শতাংশ মহিষের এবং ১ দশমিক ২ শতাংশ ভেড়ার চামড়া। যার অর্ধেকই আসে কোরবানি ঈদের সময়। তাদের হিসাবে বছরে প্রায় ৭১ লাখ ৩০ হাজার গরু জবাই হয়। এর মধ্যে অর্ধেকই জবাই হয় কোরবানির সময়। এ সময় দেশজুড়ে প্রায় ৮০ লাখ ছাগলও কোরবানি দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, কোরবানির ঈদকে সামনে রেখে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আশা করছেন এক মাসের মধ্যেই অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে আসবে। সরকারের সমন্বয় কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফতাব খান বলেন, "দেশের স্বার্থে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সাধারণ মানুষকেও ভয় না পেয়ে সচেতন হতে হবে।" রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স নতুন কোন রোগ নয়। আগেও এ রোগ ছিল। এটি কোনো মারণব্যাধিও নয়। রোগটি মানুষ থেকে মানুষে ছড়ায় না। আক্রান্ত রোগী অতি সাধারণ চিকিৎসায় সুস্থ হয়ে যায়। প্রাণি বিশেষজ্ঞদের মতে, কেবল আক্রান্ত পশুর সংস্পর্শে এলে রোগটি ছড়ায়। তাই কোনো আক্রান্ত পশুর সন্ধান পাওয়া গেলে তা জবাই করে মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএএ/এমআই/১০৩৫ ঘ.