ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের জন্য সরকার অনেক পদক্ষেপ নিলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।
রোববার রাজধানীর তোপখানা রোডে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
'দারিদ্র্য বিরোধী মঞ্চ' এবং গভার্ণেন্স কোয়ালিশন যৌথভাবে 'সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন কার্যক্রম ও স্থানীয় সরকার' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের চেয়ারম্যান খলীকুজ্জমান বলেন, "এমডিজি অর্জনে ধনী রাষ্ট্রগুলো তাদের দেওয়া প্রতিশ্র"তি পূরণ করে না। এক্ষেত্রে সরকারও এমডিজিকে বিবেচনায় রেখে বাজেটে জনগণের উন্নয়নে অনেক পদক্ষেপ নিলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হচ্ছে না।"
"উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে আর এর প্রধান মাধ্যম হচ্ছে স্থানীয় সরকার। তাই স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার কোনো বিকল্প নেই", বলেন খলীকুজ্জমান।
এক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের লেজুড় না হয়ে স্বশাসিত হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "দেশে যে বৈদেশিক সাহায্য আসে তা মূলত ঋণ। এই ঋণের অর্থও সঠিকভাবে মানুষের কল্যাণে ব্যয় হয় না। সংবিধানে সবার সমসুযোগের কথা বলা হলেও স্বাস্থ্য, শিক্ষাসহ অধিকাংশ খাতে এ সুযোগ থেকে জনগণ বঞ্চিত হচ্ছে।"
এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, "এমডিজিকে রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই মানবাধিকার হিসেবে বিবেচনা করা উচিত। এমডিজির প্রথম ছয়টি লক্ষ্যই দরিদ্র জনগণকে কেন্দ্র করে গৃহীত।"
রাষ্ট্রকে অবশ্যই দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। কেননা, রাষ্ট্র কোনো মুনাফা অর্জনের প্রতিষ্ঠান নয়", বলেন মিজানুর রহমান।
তিনি বলেন, "সংবিধান অনুযায়ী স্থানীয় সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কার্যক্রমে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।"
সংসদ সদস্য সানজিদা খানম বলেন, "স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে সকল স্তরের জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। সেখানে আমলাতন্ত্র যেন কর্তৃত্ব না নিতে পারে।"
তিনি বলেন, "বর্তমান সরকার বিকেন্দ্রীকরণে বিশ্বাস করে বলে 'একটি বাড়ি একটি খামার' কর্মসূচিকে পুনরুজ্জীবিত করেছে। এমডিজি অর্জনে শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পর্যায়েও এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।"
সংসদ সদস্য আনিসুল ইসলাম মন্ডল বলেন, "প্রকৃত উন্নয়নের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণের কোনো বিকল্প নেই।"
তিনি এমডিজি অর্জনে সকলকে একত্রিত হয়ে সোচ্চার আওয়াজ তোলার আহ্বান জানান।
বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল মজিদ ফতু বলেন, "স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে সরকার এমডিজি পূরণে ব্যর্থ হতে পারে। স্থানীয় সরকার ব্যবস্থাকে সরকার শক্তিশালী করতে চাইলেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না।"
গভার্ণেন্স কোয়ালিশনের সমন্বয়কারী ও দারিদ্র্য বিরোধী মঞ্চের আহ্বায়ক মহসিন আলীর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি কে এ এম মোর্শেদ, এশিয়া ফাউন্ডেশনের কর্মসূচি পরিচালক শীলা তাসনীম হক, ইউএনএমসি বাংলাদেশের পরিচালক মনীষা বিশ্বাস, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কোষাধ্যক্ষ সামিউল হক আবুল, সিরাগঞ্জের পূর্ণিমাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর কেএমএস/১৬৫৭ ঘ.
bdnews24