নাটোর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি কাঠামো ঘোষণার দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারীরা।
ওদিকে, আগামী মাসেই চিনিকলে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।
মিলের শ্রমিক-কর্মচারীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে দাবি জানানো সত্ত্বেও সরকার চিনিকল শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণা না করায় চিনিকলের তিন শতাধিক শ্রমিক-কর্মচারী অনির্দিষ্টকালের এ কর্মসূচি পালন করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাবি আদায়ে সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর কর্মবিরতি শুরু করে। এ সময় তারা কর্মকর্তাদের কারখানায় ঢুকতে দেয়নি।
সমাবেশে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার কামালসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
আনোয়ার কামাল বলেন, "সরকারি শ্রমিক কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকেই আমরা চিনিকল শ্রমিকদের জন্য পৃথক মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনো তা ঘোষণা করেনি।
"আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই কঠোর আন্দোলনের পথ বেছে নিয়েছি। দাবি না মানা পর্যন্ত অন্দোলন চলবে।"
এ ব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হারিছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয়ভাবে এ দাবি পূরণের সুযোগ নাই। আমরা সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে যোগযোগ করেছি। আশা করছি, তারা জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১১৫৩ ঘ.
bdnews24