ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডলারের বিপরীতে টাকাকে শক্তিশালী করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
দেশের আমদানি খাতকে গতিশীল করার লক্ষ্যে এই সুপারিশ বলে সংসদীয় কমিটির সভাপতি আহম মোস্তফা কামাল জানিয়েছেন।
তবে টাকাকে শক্তিশালী করলে রপ্তানি খাতের যে ক্ষতি হবে, তা পুষিয়ে দিতে ব্যবস্থা নিতেও সরকারের প্রতি অনুরোধ জানাবে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির বৈঠকের পর সরকারদলীয় সংসদ সদস্য মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "সংসদ সদস্য ও দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করেই মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকাকে শক্তিশালী (এপ্রিসিয়েট) করার সুপারিশ করেছে স্থায়ী কমিটি।"
তিনি বলেন, "টাকাকে শক্তিশালী করা হলে দেশের আমদানি খাত উপকৃত হবে। কারণ আমাদের অর্থনীতি আমদানিনির্ভর। আমরা প্রতি বছর ২৮ বিলিয়ন ডলারের সামগ্রী আমদানি করে থাকি।"
কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিদেশে থাকায় এ বৈঠকে ছিলেন না।
টাকাকে শক্তিশালী করা হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের রপ্তানি খাত ও রেমিটেন্স। বাংলাদেশ প্রতিবছর রপ্তানি খাতে ১৭শ' কোটি ডলার অর্জন করে। এছাড়া প্রবাসীরা প্রায় ১১০০ কোটি ডলার দেশে পাঠান (রেমিটেন্স)।
মোস্তফা কামাল বলেন, টাকাকে শক্তিশালী করা হলে যেসব খাত ক্ষতিগ্রস্ত হবে, তা নিরূপণ করে সংসদীয় কমিটিকে জানাতে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে।
"যে সব খাত ক্ষতিগ্রস্ত হবে তাদের ক্ষতি পুষিয়ে দিতে ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা সরকারকে অনুরোধ জানাব", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক/কেআরসি/এসএম/এমআই/১৭০০ ঘ.
bdnews24