২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ লাখ ৮০ হাজার মেট্রিক টন গম-চাল আমদানির সিদ্ধান্ত

চলতি বছর প্রায় ৪৪০ কোটি টাকা ব্যয়ে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন গম ও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর প্রায় ৪৪০ কোটি টাকা ব্যয়ে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন গম ও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে দেড় লাখ মেট্রিক টন গম ও ৩০ হাজার মেট্রিক টন নন-বাসমতি (সিদ্ধ) চাল। সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক ব্রিফিঙে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এ কথা জানান। এছাড়া বৈঠকে ড্যাপ ফার্টিলাাইজার কোম্পানী লিমিটেড-এর (ডিএপিএফসিএল) জন্য এক'শ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। ১৯৪ কোটি টাকা ব্যয়ে ৭৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার এবং বাংলাদেশ রোড ট্রান্সর্পোট অথরিটি-এর (বিআরটিএ) জন্য ৫৬ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে ১৭৫ টি একতলা সিএনজি চালিত বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মিরপুরে সরকারী কর্মকর্তাদের জন্য ১৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৬০ টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শালটিয়া দেওয়ান বাজার এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ৮১০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেয় কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ১৩ লাখ ৪ হাজার ৫৩০ টাকা। এদিকে বঙ্গবন্ধু সেতুর ফাটল সংক্রান্ত বিশেষজ্ঞ প্রতিবেদন বিষয়ে আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নুরুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯৫০ ঘ.