ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজে স্বচ্ছতা আনতে ও উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী বছর থেকে দেশে জেলা বাজেট চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রোববার একথা বলেন।
জেলার কোন খাতে কত টাকার প্রয়োজন তা এ বাজেটে উল্লেখ থাকবে। জেলা পর্যায়ের সবাই এতে বাজেট সম্পর্কে জানতে পারবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বিষয়ে এতে অর্থমন্ত্রী সচিবদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
আবদুল আজিজ জানান, এখন কেন্দ্রীয় পর্যায়ে বাজেট হচ্ছে। এ বাজেট সম্পর্কে কেউ কিছুই জানে না। তাই জেলা পর্যায়ের জন্য পৃথক বাজেট করার একটি ধারণাপত্র ইতিমধ্যে সবার কাছে দেয়া হয়েছে। এ বছরই আমরা একটি কাঠামো দিতে পারবো। এ বছরই এটা করা সম্ভব হবে। এজন্য সবা সহযোগিতা প্রয়োজন।
অর্থমন্ত্রী বলেন, "বাজেট বাস্তবায়নের সমস্যা এবং করণীয় সম্পর্কে সচিবদের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে নির্দেশনা দেয়া হয়েছে।"
"২৭ বছর আগে কর্মকর্তাদের মধ্যে যে আন্তরিকতা (কমিটমেন্ট) দেখেছি তা এখন আর নেই," মন্তব্য করে মুহিত বলেন, "তবে ২০০৯ সালে এদের মধ্যে যা দেখেছি এখন তা অনেক বেড়েছে। প্রকল্প বাস্তবায়নে সাফল্যের ৫০ শতাংশই কর্মকর্তাদের প্রতিশ্র"তি ও আন্তরিকতার ওপর নির্ভর করে। বাকিটা নির্ভর করে দক্ষতা ও প্রশিক্ষণসহ অন্য বিষয়গুলোর ওপর। এটা আরো বাড়ানো দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯০০ ঘ.
bdnews24