২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ হাজার টাকা কর দিয়েছেন মুহিত

সম্ভাব্য আয় প্রায় সাড়ে ৩ লাখ টাকা ধরে চলতি অর্থবছরে ১৯ হাজার টাকা কর দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 10:27 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্ভাব্য আয় প্রায় সাড়ে ৩ লাখ টাকা ধরে চলতি অর্থবছরে ১৯ হাজার টাকা কর দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি তার সম্পদের মূল্যমান দেখিয়েছেন ১ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৬৪৬ টাকা। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সাংবাদিকদের এ তথ্য জানান মুহিত। আয়কর বিবরণীতে (রিটার্ন) ২০১০-১১ অর্থবছরে অর্থমন্ত্রী তার সম্ভাব্য আয় দেখিয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৪৯৬ টাকা। এর ওপর কর দিয়েছেন ১৯ হাজার ১৩০ টাকা। মুহিত বলেন, "মন্ত্রীদের বেতন-ভাতা করমুক্ত হওয়ায় তার জন্য আমাকে আয়কর দিতে হচ্ছে না। আমি এখন শুধু সঞ্চয়পত্র ও রয়্যালটির আয়ের ওপর কর দিচ্ছি।" "মন্ত্রী হওয়ার আগে আমার আয় বেশি ছিলো। আগে পুঁজিবাজারে আমার বিনিয়োগ ছিলো। তবে ১৯৯৬ সালের পর আর বিনিয়োগ করিনি।" মুহিত আরো জানান, তিনি প্রথম কর দেন ১৯৫৫-৫৬ সালে। মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসাব প্রকাশ করা হবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, "মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রীরা যে আয়কর রিটার্ন দেবেন সেটাকেই সামারি আকারে প্রকাশ করা হবে। আর সংসদ সদস্যদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি স্পিকারের কাছে রয়েছে।" প্রতি বছর মন্ত্রী ও সংসদ সদ্যদের সম্পদের হিসাব দেওয়া হবে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিলো। অর্থমন্ত্রী গত ১৪ ফেব্র"য়ারি সাংবাদিকদের বলেছিলেন, আগামী বাজেটের (২০১০-১১) আগেই মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা হবে। তবে তা আর প্রকাশ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬২৫ ঘ.