ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সকালে সচিবালয়ে তার কার্যালয়ে নিজের রিটার্ন দাখিলের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অর্থমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কর অঞ্চল-৮, ঢাকার মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম সীমিত থাকবে। আগামী একবছরের মধ্যে দেশের সবকটি কর অঞ্চলে অনলাইন পদ্ধতি চালু করা হবে।
তিনি বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। আমরা আশা করছি, আগামী এক বছরের মধ্যে দেশের সবগুলো কর অঞ্চলে অনলাইন রিটার্ন পদ্ধতি চালু করা সম্ভব হবে।"
অনলাইন পদ্ধতিতে রিটার্ন দাখিল পদ্ধতি সহজ, সরল ও ঝামেলামুক্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী জানান, দেশে বর্তমানে করদাতা চিহ্নিতকারী নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ২৭ লাখ। কিন্তু প্রকৃতপক্ষে কর দেন ৮ লাখ মানুষ।
করদাতার সংখ্যা বাড়াতে হবে মন্তব্য করে তিনি বলেন, "এ দেশে ১০ শতাংশ মানুষ কর দিলেও করদাতার সংখ্যা হওয়া উচিৎ এক কোটি ৬০ লাখ। তাই আমাদের লক্ষ্য, আয়করদাতার সংখ্যা এক কোটি করা।"
তবে কতদিনের মধ্যে আয়করদাতা এক কোটি করা সম্ভভ হবে সে সম্পর্কে কিছু বলেননি অর্থমন্ত্রী।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, "কর অঞ্চল-৮ এ ৩০ হাজারের বেশি পেশাজীবি রয়েছেন। তাই আমরা প্রথমে এ অঞ্চলকেই বেছে নিয়েছি।"
কর অঞ্চল-৮ এর মধ্যে রয়েছে রাজধানীর গুলশান, বনানী ও কাকরাইল অঞ্চল।
অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর অফিস থেকে করদাতাকে একটি পিন নাম্বার সংগ্রহ করতে হবে। এরপর www.taxzone-8.org এ গিয়ে টিআইন ও পিন নম্বর দিয়ে লগইন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৩৫৫ ঘ.
bdnews24