২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুড়ির দাম চড়া

ইফতারির অন্যতম উপকরণ ছোলার দাম স্থিতিশীল থাকলেও মুড়ির দাম চড়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফতারির অন্যতম উপকরণ ছোলার দাম স্থিতিশীল থাকলেও মুড়ির দাম চড়া। খেজুরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ থাকায় গত বছরের তুলনায় দামে তেমন পার্থক্য নেই এবার। তবে ইরানি 'মরিয়ম' খেজুরের দাম গত বছরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন। শনিবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। কারওয়ান বাজারের মুড়ি বিক্রেতা আবু ইসহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণ মানের মুড়ি প্রতি কেজি ৫০ থেকে ৫২ টাকা এবং উন্নত মানের মুড়ি ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি করছি।" এই দাম গত বছরের তুলনায় ১০ থেকে ১২ টাকা করে বেশি বলে জানান তিনি। আরেক মুড়ি ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, "চালের দামের মতো মুড়ির দামও রমজান শুরুর আগে থেকেই বাড়তি ছিল। সেই দামেই এখন বিক্রি হচ্ছে। তবে রোজার জন্য চাহিদা বাড়ায় কেজি প্রতি দুই থেকে তিন টাকা করে দাম বেড়ে গেছে।" বেসরকারি স্কুল শিক্ষক হোসনে আরা বলেন, "ছোলা-মুড়ি ছাড়া ইফতারির আয়োজন জমে না। তবে ছোলার দাম সহনীয় থাকলেও মুড়ির দাম বেড়েছে।" গত রোজার বাজারের কথা মনে করে তিনি জানান, গত বছর মুড়ির দাম তেমন বাড়েনি। তবে ছোলার দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অনেককে রোজার শেষের দিকে ছোলার আইটেম বাদ দিয়ে ইফতারি তৈরি করতে হয়েছে। এ ব্যাপারে সরকারের নজরদারির আহ্বান জানিয়ে তিনি বলেন, "এবার যদি মুড়ির দাম আরো বেড়ে যায় তাহলে ইফতারিতে মুড়ি বাদ দেওয়া ছাড়া উপায় থাকবে না।" একই বাজারের খেজুর বিক্রেতা মোহাম্মদ আমানউল্লাহ বলেন, "বাজারে বিভিন্ন ধরনের খেজুর বিক্রি হচ্ছে। এর মধ্যে ইরান থেকে আমদানি করা 'মরিয়ম' খেজুরের দাম কেজি প্রতি এবার ২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।" গত বছর মরিয়ম খেজুর বিক্রি হয়েছিল ৩০০ থেকে ৩৫০ টাকায়। এবার বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। এছাড়া প্রতি কেজি বাংলা খেজুর ৬০টাকা, মরেচা ধপাস ৯৫ থেকে ১০০ টাকা, শুকনা ১২০ থেকে ১৪০টাকা, বরই ২০০ থেকে ২২০টাকা দামে বিক্রি হচ্ছে বলে জানান আমানউল্লাহ। ছোলা বিক্রেতা আজিবুর রহমান বলেন, "চাহিদা অনুযায়ী ছোলার সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম স্থিতিশীল আছে। প্রতিকেজি ছোলা ৪৬ থেকে ৪৮ টাকা করে বিক্রি হচ্ছে।" বর্তমানে বাজারে ক্যাঙ্গারু, ডলফিন, বক, ঘোড়া, চাঁদতারা ইত্যাদি মার্কায় ছোলা বিক্রি হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েক বছরের তুলনায় ছোলার আমদানি যথেষ্ট হয়েছে। চাহিদার পাশাপাশি সরবরাহ ঠিক মতো থাকায় দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।" রমজান মাসে বাজারে ৭০ হাজার থেকে ৯০ হাজার টন ছোলার চাহিদা থাকে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৩৪৮ ঘ.