চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুঁজি বাজারে নারী বিনিয়োগকারীদের জন্য প্রথমবারের মতো আলাদা দু'টি বুথ চালু করেছে একটি ব্রোকারেজ হাউজ।
বুধবার নগরীর আগ্রাবাদ এলাকায় চিটাগাং ক্যাপিটাল লিমিটেড (সিসিএল) নামের এই বুথ উদ্বোধন করেন স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের জ্যেষ্ঠ সহ-সভাপতি খালেদা আওয়াল ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মামুন।
এছাড়া প্রায় অর্ধশত নারী বিনিয়োগকারীও এ সময় উপস্থিত ছিলেন।
নারীদের জন্য সম্পূর্ণ আলাদা একটি ব্রোকারেজ হাউজ ভবিষ্যতে চালু করার পরিকল্পনার কথা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, সারাদেশে শুধু নারীদের জন্য আলাদা দু'টি বুথ এবারই প্রথম।
বুথ চালানোর জন্য ইতোমধ্যে ১০ জন নারীকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
নারী বিনিয়োগকারীদের পক্ষে খালেদা আওয়াল বলেন, পুঁজি বাজারে নারীদের অংশগ্রহণ কম। এ ধরনের উদ্যোগ নারীদের এই খাতে আগ্রহী করবে।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24