ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী সেপ্টেম্বরের মধ্যেই বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত হতে যাচ্ছে।
ছয় থেকে আটটি গ্রেডের মধ্যেই এ বেতন কাঠামো সীমাবদ্ধ থাকবে। একইসঙ্গে নতুন কাঠামোতে এসব ব্যাংক কর্মীর বিভিন্ন প্রকার ভাতাও কমিয়ে আনা হতে পারে।
বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ব ব্যাংকের জন্য পৃথক বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
এর আগে সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর কর্মীদের জন্য পৃথক বেতন কাঠামো চূড়ান্ত সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী সভায় সভাপতিত্ব করেন।
ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামো প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "এসব কর্মীদের আমরা হাজার রকম ভাতা দেই, এটার কি কোন প্রয়োজন আছে। বাসস্থান, যাতায়াত, শিক্ষা ও চিকিৎসা ভাতাসহ এ ধরনের তিন থেকে চারটি ভাতা হলেই চলে। এ আলোকেই সরকারি ব্যাংকের বেতন কাঠামো নির্ধারণ করা হবে।"
আবুল মাল আব্দুল মুহিত বলেন, "এটাই সরকারি প্রতিষ্ঠানের প্রথম বেতন কাঠামো, যা জাতীয় বেতন কাঠামো থেকে ভিন্নতর। এটি চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।"
তিনি জানান, এ কমিটি এর আগে একটি সুপারিশ দিয়েছে। এখন এটিকে পুনর্বিবেচনা ও প্রয়োজনে সংযোজন-বিয়োজন করতে বলা হয়েছে। তারা আগামী মাসের মধ্যেই এটি শেষ হবে। এরপরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে ব্যাংক কর্মীদের নতুন বেতন কাঠামো।
অর্থমন্ত্রী আরো জানান, কমিটিকে বলেছি এটা যেহেতু প্রথমবারের মতো হচ্ছে, তাই এমনভাবে তৈরি করা হোক যাতে অন্যরা মডেল হিসেবে নেয়।
রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর জন্য পৃথক বেতন কাঠামো অন্য সংস্থাগুলোর মধ্যে মতবিরোধ সৃষ্টি করবে কিনা, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "কোন মতবিরোধ হবে না। রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর পৃথক বেতন কাঠামো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ। শিক্ষকদের জন্যও আমরা আলাদা বেতন কাঠামো করবো।"
তিনি বলেন, "জনপ্রশাসন (সিভিল সার্ভিস) পুণর্গঠন করা হচ্ছে। এজন্য নতুন আইনও হচ্ছে। এরমধ্যে বয়স ও বেতনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/১৯৪৭ঘ.
bdnews24