২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি

সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)। রমজানকে সামনে রেখে এ কার্যক্রম শুরু করা হয়েছে। রোববার তেজগাঁওয়ে টিসিবির গুদাম থেকে ডিলারদের মধ্যে পণ্যসামগ্রী বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের ১২টি জায়গা থেকে এ বিতরণ কাজ শুরু হয়েছে। দেশের ১৮১৯ ডিলারের মধ্যে পর্যায়ক্রমে এই পণ্য বিতরণ করা হবে। সরকারের তথ্য বিবরণীতে বলা হয়, টিসিবির নিদের্শনা অনুযায়ী একজন ক্রেতার কাছে একই সময়ে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলার বেশি বিক্রি করতে পারবে না। রমজান উপলক্ষে এ বছর টিসিবি'র পণ্য বিতরণ পরিকল্পনার মধ্যে রয়েছে ২৫ হাজার টন চিনি, ২০ হাজার টন সয়াবিন তেল, ১০ হাজার টন মশুর ডাল, ২ হাজার টন ছোলা এবং ৫ হাজার টন পামঅয়েল। তেজগাঁওয়ে টিসিবি'র গুদাম থেকে বাণিজ্যমন্ত্রী ৫ জন ডিলারের হাতে পণ্যসামগ্রী হস্তান্তর করেন। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, প্রত্যেক ডিলারকে ৩ মেট্রিক টন চিনি, ১ মেট্রিক টন সয়াবিন তেল, ১ মেট্রিক টন ছোলা এবং ১ মেট্রিক টন মশুর ডাল বরাদ্ধ দেওয়া হচ্ছে। এর জন্য প্রত্যেক ডিলারকে ৩ লাখ ১১ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। ডিলাররা প্রতি কেজি চিনি ৪৫ টাকা, সয়াবিন তেল ৭৮ টাকা, ছোলা ৪৪ টাকা এবং মশুর ডাল ৭৮ টাকায় বিক্রি করবেন। মন্ত্রী আর জানান, আগামী ৮ থেকে ১০ দিন পর ডিলারদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পণ্য বিতরণ শুরু হবে। ফারুক খান টিসিবি'র ডিলারদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান। টিসিবির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এ মুর্তজা রেজা চৌধুরী ও টিসিবির পরিচালক মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৮২৪ঘ.