ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ত্রিপক্ষীয় সমঝোতাকে 'প্রতারণামূলক' বলে আখ্যায়িত করেছে শ্রমিক নেতাদের একাংশ।
সোমবার সংবাদ সম্মেলন করে ১৩টি শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, মালিকদের কিছু 'পকেট' শ্রমিক নেতাকে দিয়ে সমঝোতার ওই ঘোষণা দেওয়া হয়েছে।
আগেরদিন কয়েকজন শ্রমিক নেতা, পোশাক কারখানার মালিকের সঙ্গে বৈঠকের পর শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ঘোষণা করেন, ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম মজুরি তিন হাজার টাকা মেনে নিয়েছেন।
বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৬৬২ টাকা ৫০ পয়সা। শ্রমিকরা তা পাঁচ হাজার টাকা নির্ধারণ এবং চলতি মাস থেকে কার্যকরের দাবি জানিয়েছে আসছে।
গত বৃহস্পতিবার সরকার ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করে। এই কাঠামো অনুযায়ী শিক্ষানবিশ শ্রমিকরা ন্যূনতম আড়াই হাজার টাকা মজুরি পাবেন।
এই মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে শুক্রবার থেকে গত চারদিন রাজধানী, সাভার, নারায়ণগঞ্জে শ্রমিকরা বিক্ষোভ করে আসছে।
ত্রিপক্ষীয় সমঝোতার ঘোষণার প্রতিবাদ জানিয়ে ওই ১৩ শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। শ্রমিক নেতাদের কোনো বক্তব্যই শোনা হয়নি। এটা ছিলো একটি সাজানো নাটক।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সরকার, মালিকপক্ষ ও কথিত শ্রমিক নেতারা যে কত বড় ধাপ্পাবাজি করেছেন তার প্রমাণ আজ (সোমবার) বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়া।
শ্রমিক সংগঠনগুলোর নেতারা গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা নেতা মন্টু ঘোষ এবং আটক শ্রমিকদের মুক্তি দাবি করে বলেছেন, তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত পোশাক শিল্পে উদ্ভূত সমস্যার সমাধান হবে না।
তারা বলেন, শ্রমিক নেতা মোশরেফা মিশু, বজলুর রশিদ ফিরোজ, মাহবুবুর রহমান ইসমাইলসহ অন্য নেতা ও শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।
শুক্রবার রাতে মন্টুকে ঘোঘকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর পল্টনে মুক্তিভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কে এম রুহুল আমিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শ্রমিক নেতা মনজুরুল আহসান খান।
শ্রমিক সংগঠনগুলোর মধ্যে রয়েছে- গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/এইচএ/০০৩৩ ঘ.
bdnews24