২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরির দাবি মানতে নারাজ গার্মেন্টস মালিকরা

তৈরী পোশাক কারখানা মালিকরা শ্রমিকদের ন্যূনতম মজুরি দুই হাজার ৪০০ টাকার বেশি দিতে আগ্রহী নয় বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 04:51 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরী পোশাক কারখানা মালিকরা শ্রমিকদের ন্যূনতম মজুরি দুই হাজার ৪০০ টাকার বেশি দিতে আগ্রহী নয় বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম এ কথা জানান। শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি মাসিক পাঁচ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে। কারখানা মালিকরা শ্রমিকদের দাবি প্রত্যাখ্যান করায় তাদের জন্য যাতায়াত ও অন্যান্য ভাতাসহ আবাসনের ব্যবস্থা করার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংসদীয় কমিটিকে জানিয়েছেন, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পূর্ব ঘোষিত ২৮ জুলাইয়ের পরিবর্তে ২৯ জুলাই ঘোষণা করা হতে পারে। কারণ ২৮ জুলাই সরকারি ছুটির দিন। সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে ইস্রাফিল আলম সাংবাদিকদের বলেন, "মন্ত্রণালয়ের কর্মকর্তারা আামাদের জানিয়েছেন, মালিকরা মাসে দুই হাজার চারশ টাকার বেশি মজুরি দিতে আগ্রহী নয়।" তিনি জানান, এর চেয়ে বেশি দিতে রাজি করানোর জন্য সরকার পোশাক কারখানার মালিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শ্রমিকদের দুঃখ লাঘবে কেবল মজুরি বাড়ানোই কোনো সমাধান নয় জানিয়ে শ্রমিক নেতা ইস্রাফিল বলেন, "আমরা সুপারিশ করেছি যে, মালিকরা শ্রমিকদের যাতায়াতসহ অন্যান্য ভাতা ও আবাসন সুবিধা দিলে তারা জীবন ধারণ করতে পারবে।" তিনি জানান, সরকারের কাছ থেকে বছরে মাত্র এক শতাংশ সার্ভিস চার্জের বিনিময়ে ঋণ নিয়ে শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণের জন্য মালিকদের প্রতি সুপারিশ জানিয়েছে সংসদীয় কমিটি। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দেন, শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণে পোশাক কারখানার মালিকদের ঋণ দিতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরিকে (মাসিক ১,৬৬২.৫০ টাকা) কেবল 'অপ্রতুলই নয় অমানবিক' বলেও অভিহিত করেন। পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণে একজন বিচাররককে প্রধান করে একটি ওয়েজ বোর্ড গঠন করেছে সরকার। সংসদে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন যে, আগামী ২৮ জুলাই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএম/জেবি/এইচএ/২১০২ঘ.