২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এবারো চূড়ান্ত হয়নি

মালিক ও শ্রমিক পক্ষ একমত না হওয়ায় পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো এবারো চূড়ান্ত করতে পারেনি নিুতম মজুরি বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 05:22 PM

Updated : 25 Aug 2022, 04:24 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক ও শ্রমিক পক্ষ একমত না হওয়ায় পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো এবারো চূড়ান্ত করতে পারেনি নিুতম মজুরি বোর্ড। বৃহস্পতিবার সেগুনবাগিচার কার্যালয়ে মজুরি বোর্ডের ১২তম সভা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। নিুতম মজুরি বোর্ডের প্রধান জেলা জজ ইকতেদার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দেওয়া মজুরি প্রস্তাবের ব্যাপারে উভয়পক্ষ একমত না হওয়ায় এটি চূড়ান্ত করা সম্ভব হয়নি।" তিনি জানান, দুই পক্ষকেই সংশোধিত প্রস্তাব নিয়ে পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে। আগামী ২৬ জুলাই সকাল ১০টায় বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় উভয় পক্ষের সংশোধিত প্রস্তাবের ভিত্তিতেই মজুরি চূড়ান্ত করা হবে। উভয়পক্ষের ঐক্যমতের ভিত্তিতে সম্ভব না হলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওইদিনই মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। মজুরি কাঠামো চূড়ান্ত করার আগে আগামী শনিবার বোর্ডের সদস্যরা বিভিন্ন কারখানা পরিদর্শন করে শ্রমিকদের মতামত নেবেন। মজুরি বোর্ডে শ্রমিকদের প্রতিনিধি আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ জানান, শ্রমিকদের পক্ষ থেকে ছয় হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, কিন্তু মালিকদের পক্ষ থেকে মাত্র দুই হাজার ৫১৩ টাকা করার প্রস্তাব দেওয়া হয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা। মালিকদেরকে সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার জন্য বোর্ড থেকে বলা হয়েছিল জানিয়ে তিনি বলেন, কিন্তু মালিকরা কোনো সংশোধিত প্রস্তাব দিতে পারেননি। প্রস্তাবটি তাদেরই দিতে হবে, কারণ তারা মজুরি দেবেন। এ ব্যাপারে মজুরি বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধি শফিউর রহমান মহিউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তৈরি পোশাক কারাখানার শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে ন্যূনতম মজুরি কাঠামো চূড়ান্ত করতে সরকার গত ২৮ এপ্রিল নিুতম মজুরি বোর্ড গঠন করে। বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মজুরি কাঠামো ঘোষণা করা হয়। মূল্যস্ফীতি ও বাজার দর বেড়ে যাওয়ায় শ্রমিকরা ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরির দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২৩০০ ঘ.