ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২৫ শতাংশ পোশাক কারখানায় নিয়মানুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা না দেওয়ার কারণেই শ্রমিক অসন্তোষের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন।
তিনি বলেন, "দেশের ৭৫ শতাংশ পোশাক কারখানায় কমপ্ল্যায়েন্স ইস্যু মোটামুটিভাবে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু বাকি ২৫ শতাংশে সেভাবে বাস্তবায়িত হয়নি।"
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে পোশাক শিল্পের সোস্যাল কমপ্ল্যায়েন্স ফোরামের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন গোলাম হোসেন।
পোশাক শিল্পে অস্থিরতার জন্য এ ২৫ শতাংশ কারখানাই অনেকাংশে দায়ী মন্তব্য করে বাণিজ্য সচিব বলেন, "বেশিরভাগ অসন্তোষই সৃষ্টি হয় কমপ্ল্যায়েন্স ইস্যুকে কেন্দ্র করে। নন কমপ্ল্যায়েন্স কারখানা থেকে শুরু হলেও পরে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং কমপ্ল্যায়েন্স কারখানাকেও আক্রান্ত করে।"
পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি, মাতৃত্বকালীন, সাপ্তাহিক ও অন্যান্য ছুটিসহ ২০টি সুবিধা যে সব কারখানা দিতে সক্ষম তাদেরকে কমপ্ল্যায়েন্স কারখানা বলা হয়।
কারখানাগুলোতে শ্রমিক সুবিধা বাস্তবায়ন, তদারকি ও নির্দেশনা দেওয়ার লক্ষ্যে ২০০৬ সালে সোস্যাল কমপ্ল্যায়েন্স ফোরাম গঠন করা হয়। পোশাক শিল্পসহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা এ ফোরামে রয়েছেন।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব অনুযায়ী সারাদেশে প্রায় পাঁচ হাজার পোশাক শিল্প কারখানা রয়েছে।
পোশাক কারখানাগুলোতে এসব সুবিধা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণের জন্য শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) একটি করে কমিটি রয়েছে।
বাণিজ্য সচিব জানান, দেশের পোশাক শিল্পের জন্য একটি শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, "মুন্সিগঞ্জের বাউশিয়াতে ওষুধ শিল্পের জন্য নির্মাণাধীন এপিআই শিল্প পার্কের পাশেই ৩০০ একর জমির ওপর পোশাক শিল্পনগরী গড়ে তোলা হবে। এ বিষয়ে একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।"
তিনি আরো জানান, জরাজীর্ণ ও পুরাতন ভবন থেকে পোশাক কারখানা সরিয়ে নেওয়ার ব্যাপারেও শিগগিরই একটি নীতিমালা প্রণীত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেবি/এইচএ/২০৪৬ ঘ.
bdnews24