চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির একটি ঘটনা ধরা পড়েছে।
ঢাকার অনশি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান তৈরি পোশাক শিল্পের সরঞ্জাম আমদানির ঘোষণা দিয়ে এনেছে সার্কিট ব্রেকার ও পানি শোধনের যন্ত্রপাতি।
প্রতিষ্ঠানটির স্থানীয় সিএন্ডএফ এজেন্ট খুশবু এন্টারপ্রাইজ।
বুধবার দুপুরে চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আটক কন্টেইনার খুলে এ জালিয়াতির সত্যতা পান।
জালিয়াতির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠানটি প্রায় ৩০ লাখ টাকার মতো শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করে বলে কাস্টমস কর্মকর্তাদের ধারণা।
চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা (রপ্তানি) জুলফিকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোরিয়া থেকে পাঁচ হাজার ৫৯৮ ডলার মূল্যের পোশাক শিল্পের সরঞ্জাম আমদানির ঘোষণা দিয়ে অনশি এন্টারপ্রাইজ এই কন্টেইনারটি আমদানি করে।
তিনি বলেন, মঙ্গলবার কন্টেইনার থেকে পণ্য সরবরাহের সময় মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির সংবাদ পেয়ে কন্টেইনারটি আটক করা হয়। বুধবার দুপুরে সকল পক্ষের উপস্থিতিতে কন্টেইনারটি খোলা হলে তাতে পোশাক শিল্প সরঞ্জামের বদলে সার্কিট ব্রেকার ও পানি শোধন যন্ত্রপাতি পাওয়া যায়।
কন্টেইনারটিতে ১০৭ কার্টন আমদানি নিষিদ্ধ পুরনো সার্কিট ব্রেকার, ৩৫ কার্টন পানি শোধনের যন্ত্র এবং ১০ কার্টন ওয়াটার কুলার মেশিন পাওয়া যায়।
কাস্টমস কর্মকর্তা জুলফিকার আরো জানান, প্রাথমিকভাবে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মধ্য দিয়ে প্রায় ৩০ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অনশি এন্টারপ্রাইজের সিএন্ডএফ প্রতিষ্ঠান খুশবু এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে তাকে কিছু বলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24