ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রয়লার মুরগীর বাচ্চা ও খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জ ও মৌলভীবাজারে বিক্ষোভ করেছে খামার মালিকরা।
সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন করে মুরগীর বাচ্চা মন্ত্রণালয়ের নির্ধারণ করে দেওয়া দামে বিক্রির জন্য হ্যাচারি মালিকদের প্রতি আহবান জানায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্টিজ জেলা শাখা।
নতুবা ১৮ জুলাই থেকে যমুনার সেতুর ওপর দিয়ে মুরগীর বাচ্চা পার হতে দেওয়া হবে না বলে সংগঠনের নেতারা হুমকি দিয়েছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খামার মালিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি স্মারকলিপি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুর ১২ টায় শহরের একটি হোটেলে বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাষ্টিজ সিরাজগঞ্জ জেলা শাখার নেতারা সংবাদ সম্মেলন করেন।
এতে বলা হয়, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় ১৫ জুন প্রতিটি ব্রয়লার ও লেয়ার মুরগীর বাচ্চার দাম ৩০-৩২ টাকা নির্ধারণ করে দিয়েছে। অথচ হ্যাচারি মালিকরা প্রতিটি বাচ্চা বিক্রি করছে ৭০-৭৫ টাকা দরে।
খামার মালিকরা অভিযোগ করেন, হ্যাচারী মালিকরা সিন্ডিকেট করে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করছে। তারা অতিরিক্ত মুনাফায় বাচ্চা বিক্রি করায় খামার টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এর সিরাজগঞ্জ শাখার সভাপতি এস এম ফরিদ, সাধারণ সম্পাদক আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কোষাধ্যাক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত স্থানীয় চৌমুহনা চত্ত্বরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শ্রীমঙ্গলের দুই শতাধিক পোল্ট্রি খামার মালিক।
এ সময় তাদের হাতে ছিলো সাত দফা দাবি সংবলিত বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার ।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক মো. হাবিবুর রহমান, শ্রীমঙ্গল পোল্ট্রি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মহসীন আলী, মো. বেলায়েত হোসেন, খামার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জাবেদ ভূঁইয়া ও সদস্য সচিব সুশীল ঘোষ প্রমুখ।
খামার মালিকরা সরকার নির্ধারিত দামে মুরগীর বাচ্চা বিক্রি, খাদ্যের দাম কমানোসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.
bdnews24