২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণ করতে হবে'

যে কোন মূল্যে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 01:41 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোন মূল্যে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)। রমজান মাসে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠন। সোমবার এ বিষয়ে গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে জানান এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ। রোববার এফবিসিসিআই কার্যালয়ে আসন্ন রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সভায় ব্যবসায়ী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং এফবিসিসিআই'র কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই'র সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন আহমেদ, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক গোলাম মোস্তফা তালুকদার, আনোয়ার হোসেন, আবু আলম চৌধুরী এবং আব্দুর রাজ্জাক প্রমুখ। এ কে আজাদ বলেন, "প্রতিবছর রমজান মাস এলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে সরকারি প্রতিষ্ঠান টিসিবি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে গঠন করা হবে বাজার মনিটরিং সেল।" সভায় টিসিবির প্রধান কর্মকর্তা (বাণিজ্য) আল আমিন মো. মোস্তাফিজুর রহমান বলেন, "দীর্ঘদিনের জটিলতা ও নানা সীমাবদ্ধতার কারণে টিসিবি তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না।" রমজানে টিসিবির প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, "টিসিবি ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরমধ্যে আগামী ১৪ জুলাই ১০ হাজার মেট্রিক টন পাওয়া যাবে এবং ৩ হাজার মেট্রিক টন ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে।" ৭২ হাজার মেট্রিক টন সয়াবিন তেল ও ১৫ হাজার মেট্রিক টন পাম তেল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ হাজার লিটার সংগ্রহ করা হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ হাজার মেট্রিক টন ছোলার মধ্যে ১ হাজার মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। টিসিবির প্রধান কর্মকর্তার বক্তব্যের জবাবে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কর্মকর্তা এমদাদ হোসেন বলেন, "টিসিবির কথা ও কাজে মিল নেই। সরকারের উচিত টিসিবিকে কার্যকর করা, নয়তো বন্ধ করে দেওয়া। রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য টিসিবি ও ব্যবসায়ীদের মধ্যে পণ্য আমদানিতে সমন্বয়হীনতাকে দায়ী করেন তিনি। সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. গোলাম মাওলা বলেন, "রমজান আসলে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণ উৎপাদনকারী সংস্থা মূল্য বাড়িয়ে দেয়। একইসঙ্গে সরবরাহও ঠিকমত দিতে পারেনা।" এজন্য সরকারকে একটি সঠিক নীতিমালা করার আহবান জানান তিনি। বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, "রমজান মাসে বাজারে ছোলার চাহিদা আছে ৮০ থেকে ৯০ হাজার মেট্রিক টন। অথচ টিসিবি মাত্র ২ হাজার মেট্রিক টন ছোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চাহিদা অনুযায়ী বাকী ছোলার সরবরাহ করতে গেলে দাম তো বাড়বেই।" চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার আলী বলেন, "রমজান উপলক্ষে বাড়তি ১ লাখ মেট্রিক টন চিনির চাহিদা বেড়ে যায়। কিন্তু টিসিবি রমজানের আগে যেভাবে বলে সেভাবে আর কাজ করতে পারে না।" ব্যবসায়ী প্রতিনিধিদের বক্তব্য শোনার পর এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, "বাজার নিয়ন্ত্রণের জন্য এফবিসিসিআই প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে।" সরবরাহের অযুহাত দেখিয়ে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/১৯৫০ঘ.