২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তি পর্যায়ে করদাতা ২৫ লাখের বেশি: মুহিত

ব্যক্তি পর্যায়ে বর্তমানে টিআইএনধারী করদাতার সংখ্যা ২৫ লাখের বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 12:22 PM

Updated : 26 Apr 2022, 01:13 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি পর্যায়ে বর্তমানে টিআইএনধারী করদাতার সংখ্যা ২৫ লাখের বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মেহের আফরোজ চুমকির এক লিখিত প্রশ্নের জবাবে মুহিত বলেন, ''দেশে ব্যক্তি পর্যায়ে টিআইএনধারী করদাতার সংখ্যা ২৫ লাখ ২০ হাজার ৫১৩ জন। বর্তমানে আয়কর বিভাগে সম্পূর্ণ ম্যানুয়েল পদ্ধতিতে আয়করদাতাদের তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে। ভবিষ্যতে এই বিভাগে অটোমেশন পদ্ধতি চালুর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।" সংসদে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার সাংসদদের প্রশ্নের জবাব দেন। একটি সম্মেলনে যোগ দিতে অর্থমন্ত্রী দক্ষিণ কোরিয়া গেছেন। সাংসদ সাহাবউদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী জানান, সৎ করদাতাদের উৎসাহিত করতে এক্স কার্ড প্রদান, রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান ও বাসে বিশেষ সুবিধাসহ তাদের ভিআইপি মর্যাদা দেওয়ার কথা সরকার চিন্তাভাবনা করছে। মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশে মোট ২০৮টি নিবন্ধিত শীপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। এর মধ্যে ৬৪টি শীপ ব্রেকিং ইয়ার্ড প্রতিষ্ঠান কর্তৃক জাহাজ আমদানি করা হয়েছে। গত ১০ বছরে ২০৩ কোটি ৯০ লাখ ৭৪০ টাকা মূসক খাতে রাজস্ব আদায় করা হয়েছে। বর্তমানে জাহাজ শিল্পের ওপর অগ্রিম মূল্য সংযোজন করের হার ৩ শতাংশ। তবে অর্থমন্ত্রীর পক্ষে পরিকল্পনা মন্ত্রী সাংসদদের লিখিত প্রশ্নের লিখিত জবাবের বাইরে সম্পূরক প্রশ্নের জবাব দিতে অপরাগতা প্রকাশ করে নতুন করে নোটিশ দেওয়ার কথা বলেন। গাড়ির মালিকানা কর কমানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পূরক প্রশ্নের জবাব না দিয়ে এ কে খন্দকার বলেন, '' আমি এর উত্তর দিতে অক্ষম। নতুন করে নোটিশ দিতে হবে।'' বিকাল ৫টা ১০ মিনিটে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়। দীর্ঘ ১০দিন বিরতির পর বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা অধিবেশনে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৩৪ ঘ.