ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত এক টাকা মূল্যমানের নতুন ধাতব মুদ্রা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।
শিগগিরি বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ২ টাকা মূল্যমানের ৩০০ মিলিয়ন মুদ্রাও বাজারে ছাড়া হবে।
বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী জনসাধারণের মাঝে বিতরণের মাধ্যমে এ ধাতব মুদ্রা বাজারে ছাড়েন।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ব্যাংকের সব শাখা থেকে এ ধরণের মোট ৫০০ মিলিয়ন মুদ্রা বাজারে ছাড়া হবে।
ওই মুদ্রার একদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং অন্যদিকে বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা মুদ্রিত রয়েছে।
নতুন এ মুদ্রার পাশাপাশি বর্তমানে প্রচলিত এক টাকার মুদ্রাও বাজারে চালু থাকবে বলে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/২২৩৭ঘ.
bdnews24