ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক গ্র"পের সদস্য ইন্টান্যাশনাল ফাইনান্স করপোরেশন (আইএফসি)।
দেশের চারটি ব্যাংকের মাধ্যমে এ অর্থায়ন করা হবে বলে জানিয়েছেন বেসরকারি খাতে বিনিয়োগ ও পরামর্শ সহায়তাকারী সংস্থা আইএফসির ভাইস প্রেসিডেন্ট (এশিয়া, পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) রাশাদ-আর. কালডানি।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
আইএফসির ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, সংস্থাটির সাড়ে ১৮ মিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে দেশের তিনটি বেসরকারি ব্যাংক অংশ নিয়েছে। ব্যাংক তিনটি হলো- ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।
এছাড়া যমুনা ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকও আইএফসির ১৭ মিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে অংশ নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।
তবে এই ১০০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নে কোন চারটি ব্যাংক অংশ নেবে তা জানান নি কালডানি।
তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন ছাড়াও দেশের বিদ্যুৎ (ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট-আইপিপি), সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থায়ন করবে আইএফসি।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আইএফসি আগেও এখানে বিভিন্ন প্রকল্পে কাজ করেছে। পরবর্তীতেও তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।"
১৯৭৬ সালে আইএফসির সদস্য হয় বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেবি/১৮৫৬ঘ.
bdnews24