২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁস-মুরগির চাহিদা মেটাতে নতুন হ্যাচিং মেশিন

হাঁস ও মুরগির মাংসের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সরকারি হ্যাচারিগুলোতে নতুন হ্যাচিং মেশিন (বাচ্চা ফোটানোর যন্ত্র) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 01:27 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাঁস ও মুরগির মাংসের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সরকারি হ্যাচারিগুলোতে নতুন হ্যাচিং মেশিন (বাচ্চা ফোটানোর যন্ত্র) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন সাতটি হ্যাচিং মেশিন কেনার প্রস্তাব অনুমোদন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সোমবার মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস নতুন হ্যাচারি কেনার এ প্রস্তাবে সম্মতি দেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেন। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুরগির বাচ্চা উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ব্রিডার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, "মুরগির খামার ও হ্যাচারি মালিকদের সঙ্গে বারবার বৈঠক করেও হাঁস-মুরগির দাম কমানো সম্ভব হচ্ছে না। তাই অনেকটা বাধ্য হয়েই সরকার নিজস্ব ব্যবস্থাপনায় নতুন করে এ খাতে বিনিয়োগের উদ্যোগ নিয়েছে।" মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বাজারে প্রতিদিনই হাঁস-মুরগির দাম বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারি মালিকানার ১৭টি হ্যাচারি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে এ ১৭টি হ্যাচারিতে মোট ২৮টি হ্যাচিং মেশিন রয়েছে। এর মধ্যে চালু রয়েছে মাত্র আটটি। নতুন সাতটি হ্যাচিং মেশিন কেনার পর অন্য মেশিনগুলোও সচল করা হবে। এছাড়া নানা কারণে বন্ধ থাকা অন্য হ্যাচিং মেশিনগুলোকেও সংস্কার বা মেরামতের মাধ্যমে সচল করা হবে জানিয়ে তিনি বলন "সরকারের পক্ষ থেকে ১০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।" সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের মহাসচিব খন্দকার মোহাম্মদ মহসিন বলেন, এতে প্রান্তিক খামার মালিকরা লাভবান হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। এব্যাপারে বাংলাদেশ পোল্ট্রি ব্রিডার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু বলেন, "সরকারের এ উদ্যোগে আমাদের কোন ক্ষতি হবে না। বরং প্রতিদিনই বেড়ে ওঠা চাহিদা পূরণে এটা অনেক সহায়ক হবে।" মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশে ছয়টি মুরগি ও চারটি হাঁসের সরকারি খামার চালু রয়েছে। এতে গত মাস পর্যন্ত প্রতি মাসে ৫০ লাখ হাঁস ও মুরগির বাচ্চা ফোটানো সম্ভব হয়েছে। নতুন সাতটি হ্যাচিং মেশিন কেনা হলে ও পুরোনো তিনটি সংস্কারের পর চালু করা হলে মাসিক উৎপাদনের পরিমাণ দাঁড়াবে প্রায় এক কোটি ৪০ লাখ। দেশে বর্তমানে প্রতি মাসে হাঁস ও মুরগির চাহিদা প্রায় তিন কোটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২১৪২ ঘ.