২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি শ্রমিকদের অবসরের বয়সসীমা ৬০

জাতীয় সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০১০ পাস হয়েছে। এর ফলে সরকারি শ্রমিকদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে বেড়ে ৬০ হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 07:09 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০১০ পাস হয়েছে। এর ফলে সরকারি শ্রমিকদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে বেড়ে ৬০ হলো। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে কন্ঠ ভোটে 'বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০১০' পাস হয়। বিলটি পাসের আলোচনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আশা প্রকাশ করে বলেন, "মালিক ও শ্রমিকদের ঐকমত্যের ভিত্তিতে একটি ওয়েজ বোর্ডের আওতায় ন্যূনতম বেতন ঘোষণা করা সম্ভব হবে।" তিনি আরও বলেন, "পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন গড়ে না ওঠায় বিভিন্ন সময়ে এই শিল্পে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে।" মোশাররফ হোসেন বলেন, "মালিকদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন গড়ে ওঠেনি। এ কারণে বিভিন্ন সময় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। ট্রেড ইউনিয়ন করলে এ ধরণের সমস্যা হয় না। দুর্ভাগ্য হলেও সত্য যে অন্যান্য শিল্পের মতো পোষাক শিল্পে শ্রমিক সংগঠন তৈরি করা সম্ভব হয়নি।" সকাল সাড়ে ১১ টায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। শ্রম বিলের ওপর সংশোধনী আনার জন্য বক্তব্য রাখতে গিয়ে নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম মন্ত্রীর সাথে দ্বিমত জানিয়ে বলেন, "আমার জানা মতে অনেক কারখানায় ট্রেড ইউনিয়ন আছে। যেখানে ট্রেড ইউনিয়ন আছে সেখানেই সমস্যা বেশী। যেখানে বেতন-ভাতা সময় মতো দেওয়া হয় সেখানেই আগে সমস্যার সৃষ্টি হয়।" ফজলুল আজিম আরো বলেন, "অনেকেই পোশাক শিল্পের মালিকদের ঈর্ষা করে। মালিকরা কেনো গাড়িতে চড়ে, শীততাপ নিয়ন্ত্রিত ঘরে কেনো থাকে। কিন্তু, গাড়ি না চালালে, কারখানায় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র না থাকলে ক্রেতারা অর্ডার দেবে না।" বিলটি পাসের আগে ফজলুল আজিমের বক্তব্যের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, "আপনারা যারা মালিক আছেন- শ্রমিকদের প্রতিপক্ষ না ভেবে পার্টনার মনে করেন এবং সরকারকে বন্ধু ভাবেন, তাহলে এ সমস্যার সমাধান হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ কেএমএস/১৩০৬ ঘ.