২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাজেট উচ্চাভিলাষী হলেও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব'

বিশ্বব্যাংক বলেছে, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট 'উচ্চাভিলাষী' হলেও এর লক্ষ্যমাত্রা 'অর্জন সম্ভব'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 05:02 PM

Updated : 25 Aug 2022, 12:42 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংক বলেছে, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট 'উচ্চাভিলাষী' হলেও এর লক্ষ্যমাত্রা 'অর্জন সম্ভব'। তবে দাতা সংস্থাটি বলছে, জিডিপি প্রবৃদ্ধির হার ০.৭ শতাংশ বাড়ানোর তিনটি বিষয়ের উপর নির্ভর করছে-কোনো প্রাকৃতিক ও রাজনৈতিক বিপর্যয় না ঘটা, বিনিয়োগ বৃদ্ধি- বিশেষ করে সরকারি খাতে এবং বাজেট বাস্তবায়নের ব্যবস্থাপনা। বিশ্বব্যাংকের মূল্যায়নে আরো বলা হয়, প্রস্তাবিত বাজেটের লক্ষ্য ছিলো একে আরো স্বনির্ভর এবং অবকাঠামো বান্ধব করা। বাংলাদেশে বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, "বাজেটে অবশ্য নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টি বাদ দেওয়া হয়েছে।" বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, যে পরিস্থিতিতে চলতি অর্থবছরে ৫.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তা প্রশংসনীয়। তিনি বলেন, "উর্দ্ধমুখি অভ্যন্তরীণ চাহিদার বিপরীতে জোড়ালো রেমিট্যান্স প্রবাহের কারণে জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে।" বিশ্বব্যাংকের পর্যবেক্ষণে সরকারের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে বিনিয়োগ। জাহিদ হোসেন বলেন, "ব্যাক্তিখাতে সঞ্চয় বেসরকারি বিনিয়োগের পরিমাণকে ছাড়িয়ে গেছে এবং তা বেড়েই চলছে।" বিশ্বব্যাংক জানায়, মুদ্রাস্ফীতির চাপ স্বাভাবিক হয়ে এসেছে। তবে অর্থ সরবরাহ বেড়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে সংস্থাটি। তিনি বলেন, "তবে এই পরিস্থিতি কতদিন অব্যাহত থাকবে তা বলা মুশকিল।" সংস্থাটির মতে জ্বালানি, যোগাযোগ, নৌ ও পানি সম্পদ খাতে বিনিয়োগ বাস্তবায়নের উচ্চ হার নিশ্চিতের বিষয়টি হবে সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাজেটে অগ্রাধিকারমূলক বিষয় সম্পর্কে বিশ্বব্যাংকের মূল্যায়ন হচ্ছে, বাজেটকে বিনিয়োগ বান্ধব করার 'চেষ্টা' করা হয়েছে। তিনি বলেন, বিনিয়োগ উৎসাহিত করার চেষ্টা হিসেবে জ্বালানী, গ্রামীণ উন্নয়ন এবং যোগাযোগ খাতের বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/এইচএ/২২৩৭ ঘ.