সিলেট, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গ্রামীণ জনপদে কৃষি ঋণের প্রবাহ বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক জিন্দাবাজার কর্পোরেট শাখায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে এসএমই ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
খাদ্য নিরাপত্তা অর্জনের লক্ষ্যে গ্রামীণ অর্থনীতির ভীতকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন আতিউর।
তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং দরিদ্র ও প্রান্তিক বর্গাচাষীদের ব্যাংকিং অ্যাক্সেস বাড়াতে বাংলাদেশ ব্যাংক তার কর্মকান্ড অব্যাহত রাখবে। আকস্মিক বন্যায় সিলেটসহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বোরো ফসলের মারাত্মক ক্ষতি হওয়ায় বোরো ফসল বাবদ ঋণ আদায় কার্যক্রম এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
এছাড়া আরো বেশী সংখ্যক বর্গাচাষীকে ব্যাংকিং চ্যানেলে কৃষি ঋণ দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক প্রধান।
পরে তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ৪২ জন উদ্যোক্তার মাঝে ৩ কোটি ২৬ লাখ টাকা ঋণ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪৫ ঘ.
bdnews24