সিলেট, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান দেশের প্রতি ঘরে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের আহবান জানিয়েছেন।
তিনি বলেন, "এভাবেই আমরা হতে পারি সৌরজাতি।"
শনিবার দুপুরে সিলেটের খাদিমনগরে বেসরকারি সংস্থা এফআইভিডিবি'র প্রশিক্ষণ কেন্দ্রে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।
আতিউর বলেন, "সাশ্রয়ী হিসেবে সৌর বিদ্যুৎ জনপ্রিয়তা পাচ্ছে। আর এ কারণেই প্রকল্পটি ঘরে ঘরে গড়ে তোলা দরকার।"
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুত ও গ্যাসের ঘাটতি মেটানো সম্ভব। এ জন্য বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার একটি স্কিম চালু করেছে।
এবি ব্যাংকের সহায়তায় সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রথম কিস্তিতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ৬০০ পরিবারের মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হবে।
এফআইভিডিবি'র নির্বাহী পরিচালক যেহীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, সিলেট কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. গোলাম হায়দার, এবি ব্যাংকের ঢাকার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের আঞ্চলিক প্রধান কর্মকর্তা জিএম রিজভী।
পরে গভর্নর সুইচ টিপে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/ডিডি/এইচএ/২০৪৭ ঘ.
bdnews24