ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিকম নেটওয়ার্ক স্থাপনে মোবাইল টেলিফোন অপারেটর রবিকে ১০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক (সিডিবি)।
সোমবার হোটেল সোনারগাঁঁয়ে সিডিবি'র চেয়ারম্যান উ ইউ শিনশিং এবং রবি'র মানব সম্পদ ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মতিউল ইসলাম নওশাদ এবং হুয়াওয়ের প্রধান নির্বাহী টনি জ্যাং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
হুয়াওয়ের প্যাডে ইম্পেক্ট আর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি অনুযায়ী ব্যাংকটি রবিকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহযোগিতা দেবে। ওই অর্থ দিয়ে হুয়াওয়ের নেটওয়ার্ক অবকাঠামো যন্ত্রপাতি ক্রয় এবং টেলিকম নেটওয়ার্কের বিস্তৃতির মাধ্যমে মোবাইল সেবার মান বাড়াবে রবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিডিবি ইতিমধ্যে বাংলাদেশের টেলিফোন অপারেটরদের ২৬০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে যা এই খাতের ব্যবসায়িক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার হলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীন এবং বাংলাদেশ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১২৪৯ ঘ.
bdnews24