নয়াদিল্লী প্রতিনিধি
নয়া দিল্লী, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত বাংলাদেশকে প্রায় চার লাখ টন গম দিচ্ছে। এ লক্ষ্যে দেশটি গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করেছে।
ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক আর এস গুজরাল জানান, কেন্দ্রীয় মজুদ থেকেই বাংলাদেশকে চার লাখ টন গম দেবে ফুড করপোরেশন অব ইন্ডিয়া। এই গম দেওয়া হবে হবে বাজার মূল্যে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এই রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ ভারত ২০০৭ সালে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৯ সালে কিছু দিনের জন্য তুলে নেওয়া হলেও পরে তা আবার আরোপ করা হয়।
এ বছর ১ এপ্রিল ভারতে গমের মজুদ লক্ষ্যমাত্রার চেয়ে সাত গুণ ছাড়িয়ে যায়। লক্ষ্যমাত্রা ছিলো ৩ কোটি ৮ লাখ টন।
বিভিন্ন সূত্র জানায়, কয়েক সপ্তাহ আগে গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ভারতকে অনুরোধ জানায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত সপ্তাহে নয়াদিল্লী সফর করে। এ সময় আবারও এ অনুরোধ জানানো হয়।
প্রতিনিধি দলটি এই সফরকালে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী ও অন্যান্য জেষ্ঠ্য মন্ত্রী এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম গম আমদানিকারক দেশ। স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় আওয়ামী লীগ সরকার গত অর্থ বছরের চেয়ে এ বছর বেশি গম আমদানি করবে বলে ধারণা করা হচ্ছে। এ বছর প্রায় ৩০ লাখ টন গম আমদানি করা হতে পারে।
গত ফেব্র"য়ারিতে নেপালে প্রায় ৫০ হাজার টন গম সরবরাহ করার জন্য ভারত গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএ/কিউএইচ/কেএমএস/১৭৪৭ ঘ.
bdnews24