ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন দুটি উড়োজাহাজ কিনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ১১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার ঋণ দিয়েছে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের কাছে ঋণচুক্তির দলিল হস্তান্তর করেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
ইস্টার্ন ব্যাংক আরো নয়টি ব্যাংককে নিয়ে এ যৌথ ঋণের ব্যবস্থা করেছে। দেশে বৈদেশিক মুদ্রায় প্রথমবারের মতো ঋণ দেওয়া হলো বলে অনুষ্ঠানে জানানো হয়।
২০০৮ সালের জুনে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে চারটি ৭৭৭-৩০০ ইআর, চারটি ৭৮৭-৪০০ এবং দুটি ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান।
এর মধ্যে ৩০৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের দুটি ৭৭৭-৩০০ ইআর ২০১১ সালের মধ্যে বিমানকে সরবরাহ করবে বোয়িং।
এ দুটি বিমানের প্রাক-সরবরাহ মূল্য পরিশোধে এ ঋণের অর্থ ব্যবহার করা হবে বলে অনুষ্ঠান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জাকিউল ইসলাম।
তিনি বলেন, "৩০৯ মিলিয়ন ডলারের ৮০ ভাগ অর্থ যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক ঋণ হিসেবে দেবে। বাকিটা বিমানকে দিতে হবে।"
"দুই বছরের মধ্যে এক্সিম ব্যাংক ঋণ দেওয়ার পর দেশের ১০টি ব্যাংকের দেওয়া ঋণ পরিশোধ করে দেওয়া হবে। এর আগে তাদেরকে ৫ শতাংশ হারে সুদ দিতে হবে," বলেন তিনি।
অন্য দুটি ৭৭৭-৩০০ ইআর ২০১৩ সালের মধ্যে এবং চারটি ৭৮৭-৪০০ ও দুটি ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ২০১৮ সালের মধ্যে বিমানের বহরে যোগ হবে বলেও জানান জাকিউল।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, ইস্টার্ণ ব্যাংকের চেয়ারম্যান নূর আলী, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ এবং ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বোয়িংয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৮১৭ ঘ.
bdnews24