ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা যেন ক্ষুদ্র কৃষকরাও পায়, সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান।
বুধবার রাজধানীতে এক কর্মশালায় তিনি সরকারের নীতি নির্ধারকদের প্রতি এ আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে সহনশীল কৃষি ব্যবস্থা বিষয়ক ওই কর্মশালায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ভূগর্ভস্থের পরিবর্তে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
উপকূল অঞ্চলে লবণাক্ততা বাড়ার প্রেক্ষাপটে ওই সব এলাকায় লবণসহিষ্ণু উদ্ভিদের জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতেও কর্মশালায় বক্তারা সরকারের প্রতি পরামর্শ দেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক সোবহান বলেন, দেশের বেশিরভাগ কৃষক সামান্য জমি নিয়ে চাষাবাদ করে। তারা ঋণ পাওয়াসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে অবহেলিত হচ্ছে। সুবিধাগুলো পাচ্ছে বেশি জমির মালিকানার কৃষকরা।
ক্ষুদ্র কৃষকরাও যেন সুবিধাগুলো পায় সেদিকে দৃষ্টি রাখতে হবে, বলেন তিনি।
কৃষকদের ফসলের নায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতেও সরকারের প্রতি সুপারিশ করেন তিনি।
আর্সেনিক সমস্যা, পানির স্তর নেমে যাওয়াসহ বিভিন্ন বিপর্যয় এড়াতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, ভূ-উপরিস্থ পানি ও বৃষ্টির পানি ব্যবহারের ওপর জোর দিতে হবে।
"ভূ-উপরিস্থ পানির পরিমাণ বাড়াতে নদীগুলো খননের ব্যবস্থা নেওয়া হচ্ছে, নতুন ড্রেজার আনার প্রক্রিয়া চলছে", বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক কৃষি বিষয়ক উপদেষ্টা এএমএম শওকত আলী বলেন, দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে লবণাক্ততা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই লবণাক্ততা সহনশীল শষ্যজাত উদ্ভাবনের ওপর জোর দিতে হবে।
কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সহনশীল বিভিন্ন শষ্যের জাত উদ্ভাবনে দেশের বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে, জনসংখ্যা বাড়ছে, ফলে কৃষি জমি কমছে। এজন্য খরা সহনশীল ও স্বল্প সময়ে উৎপাদনক্ষম শষ্যজাত উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দি সেমি-এরিড ট্রপিক্স এর আয়োজনে এবং এডিবির সহযোগিতায় ব্র্যাক সেন্টারে দুদিনের ওই কর্মশালা বুধবার শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতিয়া চৌধুরী। রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
সিপিডির গবেষক উত্তম দেব সাংবাদিকদের জানান, কর্মশালায় বাংলাদেশসহ এশিয়ার আরো পাঁচটি দেশের (ভারত, শ্রীলঙ্কা, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম) ৪৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24